AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা

Chief Election Commissioner Gyanesh Kumar: আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ বা মতামত না নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে সিদ্ধান্ত, গাইডলাইন ও সফটওয়্যার পরিবর্তনগুলি করেছেন, তা অসাংবিধানিক ও অবৈধ। 

Supreme Court Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা
জ্ঞানেশ কুমারImage Credit: TV9 বাংলা
| Updated on: Sep 25, 2026 | 3:06 PM
Share

নয়া দিল্লি: নির্বাচন কমিশন নিয়ে তুমুল বিতর্ক। চরম অস্বস্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। এবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হল। শীর্ষ আদালতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপরাধমূলক শাস্তির দাবি করা হয়েছে।

নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক ও মিডিয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আজ, ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পিটিশনে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক সিদ্ধান্ত দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হয়েছে।

কে মামলা করলেন?

আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। দুই নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ বা মতামত না নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে সিদ্ধান্ত, গাইডলাইন ও সফটওয়্যার পরিবর্তনগুলি করেছেন, তা অসাংবিধানিক ও অবৈধ।

কী দাবি করা হয়েছে আবেদনে?

শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে আসল ফর্ম ৬, যা নতুন ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন, তা পুনরায় চালু করার দাবি করা হয়েছে। দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়ায় যে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তা নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক রিপোর্টের উপরে ভিত্তি করেই এই পিটিশন দাখিল করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিগত ১০ মাসে এসআইআর প্রক্রিয়া নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন। এর মধ্যে ভোটারদের নাম সংযুক্তিকরণ ও বাদ দেওয়া, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ভোটার তালিকার ডেট কেন্দ্রীকরণ করার মতো বিষয়টি ছিল।

আবেদনকারীর দাবি, আইন অনুযায়ী যেখানে একাধিক সদস্যের নির্বাচন কমিশনের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন, সেখানে নির্বাচন কমিশন একতরফাভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। তাই অন্য নির্বাচন কমিশনারদের সম্মতি ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই কারণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেওয়া সিদ্ধান্ত, নির্দেশ এবং পদক্ষেপগুলি বাতিল করার আবেদন জানানো হয়েছে।

ফর্ম-৬ ফেরানোর দাবি-

আজকের মামলায় বিশেষভাবে ইসিআইনেট (ECINet) প্ল্যাটফর্মে ফর্ম-৬ (Form 6)-এ আনা পরিবর্তন নিয়ে আপত্তি জানানো হয়েছে। সাধারণত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম-৬ ব্যবহার করা হয়। কিন্তু সেই ফর্মে এমন কিছু প্রশ্ন যোগ করা হয়েছে, যেখানে আবেদনকারী, তাঁর বাবা-মা বা দাদা-দিদা/ঠাকুরদা-ঠাকুমার নাম আগের এসআইআর (SIR)-এর সময় তৈরি ভোটার তালিকায় ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এই পরিবর্তনের বিরোধিতা করেছিলেন। তাঁরা এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং পরিবর্তনগুলি সরিয়ে দেওয়ার দাবি জানান। এই কারণে আবেদনে পুরনো ফর্ম ৬ ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। পাশাপাশি, আইন অনুযায়ী নির্ধারিত এই ফর্মে ভবিষ্যতে কোনও পরিবর্তন করতে হলে কীভাবে তা করা হবে, সে বিষয়ে উপযুক্ত নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।

এছাড়াও, এসআইআর-র সময় ভোটার তালিকার সফটওয়্যার ও ডেটাবেস কীভাবে পরিবর্তন বা এক জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনকারী আরও প্রায় ১৩ কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি (Special Investigation Team) বা সিট গঠনের দাবি জানিয়েছেন। এই তদন্তে ভোটার তালিকার তথ্য কীভাবে তৈরি করা হয়েছিল, কার কার নাম মুছে ফেলা হয়েছিল ও পরে ফেরানো হয়েছিল এবং এসআইআর-এর সময় ব্যবহৃত সফটওয়্যার কীভাবে কাজ করেছিল—সেগুলিও খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

এর পাশাপাশি, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ (Representation of the People Act, 1950)-এর ৩২ নম্বর ধারা অনুযায়ী মামলা শুরু করারও আবেদন করা হয়েছে। এই আবেদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গর্গ, নির্বাচন কমিশনের আইটি প্রধান সীমা খান্না এবং দায়িত্বে গাফিলতির জন্য দায়ী হতে পারেন এমন অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

তবে আবেদনে করা অভিযোগগুলি এখনও আদালতে বিচারাধীন। নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে, এসআইআর  সংক্রান্ত সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছিল- এই অভিযোগ ঠিক নয়। আধিকারিকদের বক্তব্য, ফর্ম ৬ ও ফর্ম ৮ এবং নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র-সহ এসআইআর-র সমস্ত নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের সম্মতিতেই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল।

Follow Us