
পুরী: পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যান পুরী। জগন্নাথ মন্দিরে ভিড় করেন পুণ্যার্থীরা। প্রতিদিন দীর্ঘ লাইন পড়ে। ভিড় নিয়ন্ত্রণে এবার ব্যবস্থা নিচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ম্যানেজমেন্ট কমিটি। মহিলা, শিশু ও বয়স্কদের জন্য থাকবে আলাদা লাইন। পুরীর জগন্নাথ মন্দিরের এবার থেকে নিজস্ব এফএম চ্যানেলও থাকবে। জগন্নাথ মন্দিরকে সাজিয়ে তুলতে ২০২৪-২৫ অর্থবর্ষে ৪১৩ কোটি টাকা অনুমোদন করল ম্যানেজমেন্ট কমিটি।
শুক্রবার ম্যানেজমেন্ট কমিটি বৈঠকে বসেছিল। সেখানে মন্দিরকে আরও সাজিয়ে তুলতে চলতি অর্থবর্ষে ৪১৩ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় কমিটি। ইতিমধ্যে ওড়িশা সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। ম্যানেজমেন্ট কমিটির এক সদস্য বলেন, এর ফলে কার্যত ৯১৩ কোটি টাকা মন্দিরের উন্নয়নে ব্যবহার করা যাবে।
মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মাধব মহাপাত্র বলেন, “চলতি বছরের ১৩ জুন মন্দিরের চারটি গেট খুলে দেওয়া হয়েছে। তারপর থেকে পুণ্যার্থীদের ভিড় আরও বেড়েছে। এর ফলে কিছু সমস্যাও হচ্ছে। সেইজন্যই ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” মহিলা, শিশু ও প্রবীণ পুণ্যার্থীদের জন্য থাকবে আলাদা লাইন।
মন্দিরের প্রতিদিন কতজন পুণ্যার্থী প্রবেশ করছেন, তা জানতে AI প্রযুক্তি ব্যবহারের আগ্রহ দেখিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, এর ফলে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। মন্দির কর্তৃপক্ষের প্রস্তাবে সায় দিয়েছে ম্যানেজমেন্ট কমিটি। মন্দিরের রত্নভাণ্ডারের দুটি দরজায় সোনার প্রলেপ দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।
চার দশক পর গত মাসে রত্নভাণ্ডার খোলা হয়। মূল্যবান সব রত্নের হিসেব করা হচ্ছে। আর্কিলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া রত্নভাণ্ডার সংস্কারের কাজ করছে। সেই কাজ শেষ হলে রত্নভাণ্ডারের দরজায় সোনার প্রলেপ দেওয়ার কাজ শুরু হবে।
মন্দিরের সেবায়তদের নিয়েও এদিন ম্যানেজমেন্ট কমিটিতে আলোচনা হয়। সেবায়তদের স্বাস্থ্যবিমা, আর্থিক সাহায্য, সেবায়তদের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপের মতো বিষয়গুলি উঠে আসে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)