Mamata Banerjee VS Yogi Adityanath: ‘৫৬ কোটি মানুষের আস্থা নিয়ে খেলছেন’, মমতার ‘মৃত্যুকুম্ভে’র জবাব যোগীর

Maha Kumbh: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং কুম্ভ আসার পথে বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, "সরকার এদের পাশে রয়েছে। যথা সম্ভব সাহায্য করব আমরা। কিন্তু এটা নিয়ে কী রাজনীতি করা উচিত?"

Mamata Banerjee VS Yogi Adityanath: ৫৬ কোটি মানুষের আস্থা নিয়ে খেলছেন, মমতার মৃত্যুকুম্ভের জবাব যোগীর
মহাকুম্ভ নিয়ে মমতাকে চাঁচাছোলা জবাব যোগীর।Image Credit source: TV9 বাংলা

|

Feb 19, 2025 | 6:57 PM

লখনউ: মহাকুম্ভকে মৃ্ত্যুকুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাব দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মমতার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন তিনি। ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, এমনটাই অভিযোগ করেন তিনি।

মহাকুম্ভ পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অ্যাখ্যা দেন তিনি। এরপরই ওঠে সমালোচনার ঝড়। আজ উত্তর প্রদেশ বিধানসভায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও পাল্টা জবাব দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে তিনি বলেন, “আমরা যখন আলোচনা করছি, তখন কুম্ভে ৫৬ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিয়ো দেখাচ্ছেন, তারা ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। ভিত্তিহীন অভিযোগ করছেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়)। সনাতন ধর্মের সবথেকে বড় উৎসবের অপমান করেছে তৃণমূল।”

যোগী বলেন যে সনাতন ধর্ম রাষ্ট্রীয় ধর্ম। এই ধর্মের অনুষ্ঠান পালন করা যদি অপরাধ হয়, তবে সরকার এই অপরাধ করবে।

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং কুম্ভ আসার পথে বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, “সরকার এদের পাশে রয়েছে। যথা সম্ভব সাহায্য করব আমরা। কিন্তু এটা নিয়ে কী রাজনীতি করা উচিত?”

তিনি আরও বলেন, “এটা বিজেপি সরকারের সৌভাগ্য যে মহাকুম্ভের সঙ্গে যুক্ত থাকতে পেরেছে, আয়োজনের সুযোগ পেয়েছে। আমরা নিজেদের দায়িত্ব জানি। গোটা দেশ ও বিশ্ব মহাকুম্ভে অংশ নিয়েছে…এই সব মিথ্যা প্রচারে কান দেবেন না।”

বিরোধীদের মুখ বন্ধ করে দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “এরা প্রথম দিন থেকেই কুম্ভের বিরোধিতা করছে। কুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে। মহাকুম্ভের বদনাম করার ষড়যন্ত্র চলছে। ওদের ভাষা সভ্য সমাজের ভাষা নয়। অনর্গল মিথ্যা প্রলাপ মানুষের আস্থার উপর আঘাত করছে। মানুষ ওদের অপপ্রচার মানছে না। কুম্ভের প্রচার করা অন্যায় নাকি!উত্তর প্রদেশ নিয়ে এখন মানুষের ধারণা বদলেছে। এরা আকবরের কেল্লার কথা জানে না। অক্ষয় বটের কথা জানত না। রেলের কাজ যথেষ্ট প্রশংসাযোগ্য।”

একা যোগী আদিত্যনাথই নন, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি আজকের নয়। হাজারো বছর ধরে গঙ্গার জলের মতো ভারতীয় সংস্কৃতি প্রবাহিত হয়ে আসছে। যাঁরা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন, তাঁরা নিজেরাই নিজেদের লোকসান করছেন। মানুষের আস্থা-ভরসা-ভাবনার উপর আঘাত করা অপরাধ সমান।”

Loading...
Unable to load recommendations.
Follow Us