PM Modi to Chair CCS Meeting: দিল্লিতে নেমেই মন্ত্রীসভার বৈঠক, মধ্যপ্রাচ্যের সংঘাত পর্বে সতর্ক মোদী

PM Modi Meeting: সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দু'দিনের সফর শেষ করে সাড়ে ৯টার দিকে দিল্লিতে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। তারপরই হতে পারে এই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। দিল্লিতে নেমেই তাতে যোগ দেবেন মোদী।

PM Modi to Chair CCS Meeting: দিল্লিতে নেমেই মন্ত্রীসভার বৈঠক, মধ্যপ্রাচ্যের সংঘাত পর্বে সতর্ক মোদী
নরেন্দ্র মোদী

|

Mar 01, 2026 | 8:35 PM

নয়াদিল্লি: পশ্চিম এশিয়া জুড়ে বাজছে রণডঙ্কা। এই আবহে সতর্ক ভারত। বন্ধ হরমুজ প্রণালী, চিন্তা বাণিজ্যিক খাতেও। সব মিলিয়েই ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাত শঙ্কার আবহ তৈরি করেছে নয়াদিল্লিতেও। তাই সেই কথা মাথায় রেখেই রবিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বা ক্যাবিনেট কমিটি অব সিকিয়োরিটির বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দু’দিনের সফর শেষ করে সাড়ে ৯টার দিকে দিল্লিতে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। তারপরই হতে পারে এই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। দিল্লিতে নেমেই তাতে যোগ দেবেন মোদী। এই পরিপ্রেক্ষিতে বলে রাখা প্রয়োজন, গত দু’দিন ধরে গুজরাত, রাজস্থান, পুদুচেরি ও তামিলনাড়ু সফরে বেরিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।

কিন্তু এই বৈঠকে আলোচনার অভিমুখ কোন দিকে থাকতে পারে? মধ্যপ্রাচ্যে চলা সংঘাতে নয়াদিল্লি কেন অশনি সংকেতের আভাস পাচ্ছে? পিটিআই তাদের প্রতিবেদনে একটি সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রবির বৈঠকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। এছাড়াও ইরান এবং ওমানের মধ্য়বর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি। বলে রাখা প্রয়োজন, বিশ্বের মোট রফতানিযোগ্য এক-পঞ্চমাংশ তেল এই পথ ধরেই রফতানি করা হয়। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর প্রণালী দিয়ে পণ্য়বাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান।

উল্লেখ্য এই হরমুজ প্রণালীর উপর অনেকটাই নির্ভর করে থাকে ভারত। নয়াদিল্লি সূত্রে খবর, ভারতীয় তেলের রিজার্ভে আর মাত্র ৭৪ দিন চালানোর তেল মজুত রয়েছে। তার মধ্য়ে হরমুজ প্রণালীতে পণ্য়বাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক না-হলে প্রভাব পড়বে দেশের তৈল জোগানে। আর তেলের ভাঁড়ার শূন্য হলে প্রভাব পড়বে সাধারণের পকেটে।