PM Narendra Modi: ইন্দোরে মেগা রোড-শো মোদীর
PM Narendra Modi: এদিন ইন্দোরে রোড-শো করার আগে মোদী বেতুলে জনসভাও করেন। সেখানে কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস জানে যে মোদীর গ্যারান্টির কাছে তাদের ভুয়ো প্রতিশ্রুতি টিকবে না।

ইন্দোর: মাঝে আর ২ দিন। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। এক দফায় রাজ্যের ২৩০টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোরে মেগা রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে দেখতে মানুষ ঢল নামে রাস্তার ২ ধারে।

এদিন মধ্যপ্রদেশের নির্বাচনী জনসভা করেন মোদী। তারপর সন্ধ্যায় রোড শো করেন ইন্দোরে। বড় গণপতি স্কোয়্যার থেকে রোড শো শুরু হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু-ধারে ভিড় করেন সাধারণ মানুষ। রাস্তার দু’ধার থেকে তাঁরা ফুল ছোড়েন। ‘মোদী, মোদী’ বলে স্লোগান দিতে থাকেন। অনেকের হাতে অযোধ্যার রামমন্দির ও মোদীর ছবি ছিল। হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় দু’ধারে ভিড় করেছিলেন। প্রধানমন্ত্রীর রোড-শো একাধিক রাস্তা পেরিয়ে রাজওয়াড়া মোড়ে পৌঁছয়। দেড় কিমি এই রাস্তা পেরোতে প্রায় ঘণ্টাখানেক লাগে।

রাজওয়াড়ায় এসে অহল্যাবাঈ হোলকারের মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী। এদিন ইন্দোরে রোড-শো করার আগে মোদী বেতুলে জনসভাও করেন। সেখানে কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস জানে যে মোদীর গ্যারান্টির কাছে তাদের ভুয়ো প্রতিশ্রুতি টিকবে না। মধ্যপ্রদেশে ফের বিজেপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেন তিনি।
