PM Narendra Modi: সুদামার কৃষ্ণকে চাল দেওয়ার ভিডিয়ো থাকলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হত: মোদী
PM Modi: এদিন কলকি ধাম মন্দিরের শিলান্যাসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ একহাতে আমাদের তীর্থক্ষেত্রগুলির উন্নয়ন ঘটনা হচ্ছে, অন্য হাতে বিভিন্ন শহরে হাই-টেক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আজ মন্দির নির্মাণ হচ্ছে তো দেশের বিভিন্ন প্রান্তে নতুন মেডিক্যাল কলেজ নির্মিত হবে।"

সম্বল: অযোধ্যার রাম মন্দিরের পর এবার কলকি ধাম মন্দির। সোমবার উত্তর প্রদেশের সম্বল জেলায় কলকি মন্দিরের (Kalki Dham Temple) শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেবল মন্দির বা তীর্থক্ষেত্র গড়ে তোলা নয়, দেশের বিভিন্ন শহরে হাইটেক পরিকাঠামো গড়ে উঠছে এবং রেকর্ড মাত্রায় বিদেশি বিনিয়োগ আসছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে আচার্য প্রমোদ কৃষ্ণমের প্রসঙ্গে নাম না করে কংগ্রেসকে একহাত নিয়ে সুপ্রিম কোর্টকেও নিশানা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
আচার্য প্রমোদ কৃষ্ণমের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এটা ভাল যে আপনি (আচার্য প্রমোদ কৃষ্ণম) আমাকে কিছু দেননি। না হলে সময় এমনভাবে পাল্টেছে যে, আজকের যুগে যদি সুদামা শ্রী কৃষ্ণকে চাল দিতেন এবং ভিডিয়োটি বেরিয়ে আসত, তাহলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হত এবং রায় আসত যে, ভগবান কৃষ্ণকে কিছু দেওয়া হয়েছিল। সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণ, দুজনেই দুর্নীতির দায়ে অভিযুক্ত। তার থেকে আপনি (আচার্য প্রমোদ কৃষ্ণম) আপনার অনুভূতি প্রকাশ করে কিছু না দেওয়াই ভাল।”
প্রসঙ্গত, সম্প্রতি রাম মন্দির নিয়ে প্রকাশ্যে বিজেপির প্রশংসা করে এবং কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করায় আচার্য কৃষ্ণমকে সাসপেন্ড করে হাত শিবির। এবার এদিন কলকি মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে আচার্য কৃষ্ণকে মঞ্চে বসিয়ে প্রধানমন্ত্রী যেভাবে তাঁর প্রশংসা করে সুপ্রিম কোর্টকে একহাত নিলেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিন কলকি ধাম মন্দিরের শিলান্যাসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কেবল বিদেশ থেকে প্রাচীন মূর্তি ফিরিয়ে আনা হচ্ছে না, রেকর্ড মাত্রায় বিদেশি বিনিয়োগ হয়েছে।” এপ্রসঙ্গে তিনি বলেন, “আজ একহাতে আমাদের তীর্থক্ষেত্রগুলির উন্নয়ন ঘটনা হচ্ছে, অন্য হাতে বিভিন্ন শহরে হাই-টেক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আজ মন্দির নির্মাণ হচ্ছে তো দেশের বিভিন্ন প্রান্তে নতুন মেডিক্যাল কলেজ নির্মিত হবে।”
৫০০ বছর অপেক্ষার পর অবশেষে চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার উপস্থাপন ঘটানো এক অন্য অনুভূতি ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের পর আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধনেরও সাক্ষী হন প্রধানমন্ত্রী মোদী। এবার কলকি মন্দিরের উদ্বোধন করতে চলেছেন। সেকথার উল্লেখ করে মোদীর প্রতিশ্রুতি বলেন, “এমন অনেক ভাল কাজ রয়েছে, যা কেবল আমার জন্য কিছু মানুষ রেখে দিয়েছেন। যা কিছু ভাল কাজ বাকি রয়েছে, সেগুলি আমি ভবিষ্যতে সম্পন্ন করব।”
নরেন্দ্র মোদীর সরকারের তৎপরতায় কাশীর বিশ্বনাথ ধামের আরও উন্নতি ঘটেছে। সোমনাথ মন্দিরের উন্নয়ন করা হয়েছে এবং কেদার উপত্যকাও পুনর্নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্র গ্রহণ করেছি। এদিন, ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও শ্রদ্ধাও জ্ঞাপন করে নমো।
এদিন সম্বলে কলকি মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কলকি ধামের আচার্য প্রমোদ কৃষ্ণ। যে কলকি মন্দির নির্মাণ করা হবে, সেটির মডেলও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী।
