
নয়া দিল্লি: দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন আগেই। এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল, ২৭ মার্চ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে সূত্রের খবর।
জানা গিয়েছে, আগামিকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। মূলত জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা ও বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী মূলত রাজ্যগুলির মধ্যে সহযোগিতা ও পরিকল্পনা করবেন। করোনাকালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি সংঘাত আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে ও আকস্মিক পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।
জানানো হয়েছে, যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্য়সচিবদের সঙ্গে বৈঠক করবেন তাদের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আপডেট দিতে।