
নয়া দিল্লি: বেলা গড়াতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। কোথাও তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে, কোথাও গণনাকেন্দ্রের মধ্যেই হাতাহাতি, কোথাও এবার স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অশান্তি, পার্টি অফিস দখল- সব মিলিয়ে বেলা ১টার পর থেকে তপ্ত বাংলা। ভোট গণনার মাঝেই নির্বাচনের পরবর্তী হিংসা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ সনাতনী সংগঠন। আবেদন খারিজ করল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ।
এদিন আদালতে সংগঠনের আইনজীবী ভি গিরি জানান, ২০২১শের নির্বাচনের পর নির্বাচন পরবর্তী হিংসা হয়েছিল ব্যাপক। নির্বাচনের ফল ঘোষণার পর যেহেতু কমিশনের কোনও দায়িত্ব নেই, সেক্ষেত্রে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিক শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তাঁদের হাইকোর্টের দ্বারস্থ হতে বলেন। একই সঙ্গে তাঁরা বলেন, তাঁরা আশাবাদী জয়ী রাজনৈতিক দল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। বেলা ১টার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। বারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, দক্ষিণ ২৪ পরগনার মধ্যে ক্যানিং পূর্ব, আসানসোল- একাধিক জায়গায় অশান্তির খবর আসতে শুরু করছে।