Puri Stampede: পুরীর রথযাত্রা উৎসবে অসুস্থ হয়ে মৃত্যু ২ পূর্ণ্যার্থীর, অসুস্থ শতাধিক! পদপিষ্টের ঘটনা ঘটেনি, দাবি সরকারের
Puri Rath Yatra 2026: ওড়িশা সরকার জানিয়েছে, ভিড় ও হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়ে ১০০-রও বেশি পূর্ণ্যার্থীকে পুরী জেলা হাসপাতালে (Puri Hospital) ভর্তি করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, দুই জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে প্রশাসনের তরফে। মৃতদের মধ্যে একজনের বয়স ৬০ বছর, অন্যজনের বয়স ৩৫ বছর।

পুরী: পুরীতে রথযাত্রা উৎসবে (Puri Rath Yatra 2026) ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল দুই পূর্ণ্যার্থীর। রথযাত্রা উপলক্ষে প্রতি বছর পুরীতে লাখো ভক্তের সমাগম হয়। এবছরও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে রথযাত্রা উপলক্ষে বড়া দণ্ড অর্থাৎ গ্র্যান্ড রোডে উপচে পড়া ভিড় ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, জগন্নাথ দেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তবে, ওড়িশা সরকার (Odisha Government) জানিয়েছে কোনও পদপিষ্টের (Puri Stampede) ঘটনা ঘটেনি। টানা বৃষ্টির জেরেই অঘটন ঘটেছে।
অসুস্থ ১০০-র বেশি ভক্ত
ওড়িশা সরকার জানিয়েছে, ভিড় ও হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়ে ১০০-রও বেশি পূর্ণ্যার্থীকে পুরী জেলা হাসপাতালে (Puri Hospital) ভর্তি করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, দুই জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে প্রশাসনের তরফে। মৃতদের মধ্যে একজনের বয়স ৬০ বছর, অন্যজনের বয়স ৩৫ বছর। প্রশাসনের দাবি, ৬০ বছর বয়সি ব্যক্তি ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও, তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
অন্যদিকে, প্রবল ভিড়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সি ভক্তের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কড়া নিরাপত্তার মধ্যেও বিপত্তি
রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল প্রায় ১২ হাজার পুলিশকর্মী, ১৯ জন সিনিয়র আইপিএস অফিসার এবং ১০০-রও বেশি প্রশাসনিক আধিকারিক। এবারের নয় দিনের উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০ লক্ষ ভক্ত পুরীতে আসবেন বলে প্রশাসনের অনুমান। বৃহস্পতিবারই ৮ থেকে ৯ লক্ষ ভক্ত রথযাত্রা দেখতে পুরীতে উপস্থিত হয়েছিলেন।
বৃষ্টির মধ্যেও উপচে পড়া ভিড়
টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়া উপেক্ষা করেই লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রায় অংশ নেন। এদিন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত তিনটি রথ গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে দেরি হওয়ায় বৃহস্পতিবার রথ টানা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ফের রথ টানা শুরু হবে। আগামী ২৪ জুলাই বহুড়া যাত্রা উপলক্ষে দেবদেবীদের মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে।
‘পদপিষ্টের ঘটনা নয়’
টানা বৃষ্টি ও প্রবল ভিড়ের কারণেই অঘটন। এমনটাই দাবি করা হয়েছে প্রশাসনের তরফে। ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর (CMO) এক বিবৃতিতে জানিয়েছে,রথযাত্রায় কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি। ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনও বড় ধরনের ব্যর্থতাও হয়নি। প্রশাসন, নিরাপত্তা বাহিনী, সেবায়েত ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে অতিরিক্ত ভিড়, টানা বৃষ্টি ও শারীরিক সমস্যার কারণে বেশ কয়েকজন ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন, এমনটাই দাবি ওড়িশা সরকারের।
