Maharashtra Temple Accident: নির্মাণের কাজ চলছিল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের ছাদ, মৃত ৫
Maharashtra Temple Roof collapsed: পুলিশ সূত্রে জানা গিয়েছে, যশওয়াড়ি গ্রামটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মানওয়াত রোডের উপর অবস্থিত। পিটিআই সূত্র খবর, শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ হনুমান মন্দিরের নির্মীয়মাণ ‘সভামণ্ডপ’ বা বাইরের হলঘরের ছাদের একটি অংশ আচমকাই ভেঙে পড়ে।

মহারাষ্ট্র : মন্দিরের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। বেঘোরে প্রাণ হারালেন কমপক্ষে ৫ জন। আহত হয়েছেন বহু মানুষ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মন্দিরের একটি অংশে নির্মাণ কাজ চলছিল। তবে, মন্দিরে পুজো চলছিল। বহু ভক্ত ভিড় করেছিলেন। ঠিক সেই সময় নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি গ্রামের দুর্ঘটনা।
কীভাবে ঘটে দুর্ঘটনা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যশওয়াড়ি গ্রামটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মানওয়াত রোডের উপর অবস্থিত। পিটিআই সূত্র খবর, শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ হনুমান মন্দিরের নির্মীয়মাণ ‘সভামণ্ডপ’ বা বাইরের হলঘরের ছাদের একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ঘটনার ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নির্মীয়মাণ হলঘরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ অংশ।
এখনও বহু মৃত্যুর আশঙ্কা!
দুর্ঘটনার পরই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অনেকে। জানা গিয়েছে, শনিবার বলে হনুমান মন্দিরে ভিড় বেশি ছিল। তবে, ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও প্রশাসন। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, মৃতের পরিবারের জন্য আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
