Sonia Gandhi: প্রথম বাঙালি প্রধানমন্ত্রী কি হতে পারতেন প্রণব? নিজের বইয়ে সবটা খোলসা করলেন সনিয়া

Sonia Gandhi’s New Book Revelation: ২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পদ থেকে সরানোর পরামর্শ সনিয়াকে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। নিজের স্মৃতিকথায় সেই ঘটনার বিবরণ লিখেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের চরম মতপার্থক্য তৈরি হয়েছিল বলে লিখেছেন তিনি।

Sonia Gandhi: প্রথম বাঙালি প্রধানমন্ত্রী কি হতে পারতেন প্রণব? নিজের বইয়ে সবটা খোলসা করলেন সনিয়া
নিজের বইয়ে প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে কী লিখলেন সনিয়া গান্ধী?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 10, 2026 | 4:28 PM

নয়াদিল্লি: পারেননি সিপিএমের জ্যোতি বসু। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও দলের সিদ্ধান্তে পিছিয়ে যেতে হয়েছিল তাঁকে। না হলে তিনিই হতে পারতেন প্রথম বাঙালি প্রধানমন্ত্রী। জ্যোতি বসু দলের সিদ্ধান্ত মেনে সরে এসেছিলেন। আর এক বাঙালি তাঁর দলের কাছেই প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। মঙ্গলবার নিজের প্রকাশিত ‘Belonging: A Journey of Love’ বইয়ে এই দাবি করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সেখানে তিনি দাবি করেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছের কথা ঠারে ঠারে বুঝিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। 

নিজের বইয়ে কী লিখেছেন সনিয়া?

২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পদ থেকে সরানোর পরামর্শ সনিয়াকে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। নিজের স্মৃতিকথায় সেই ঘটনার বিবরণ লিখেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের চরম মতপার্থক্য তৈরি হয়েছিল বলে লিখেছেন তিনি।
নিজের অভিযোগ জানাতে এসে একদিন প্রণব মুখোপাধ্যায় জানিয়েছিলেন, একেবারে শীর্ষ পদে পরিবর্তন করার সময় এসে গিয়েছে। যা শুনে চমকে যান সনিয়া।

প্রণবের এই বক্তব্য আদতে দীর্ঘদিনের লুকিয়ে রাখা প্রধানমন্ত্রী হওয়ার বাসনার প্রকাশ বলে তৎক্ষণাৎ বুঝে গিয়েছিলেন সনিয়া। তখনই সুকৌশলে আলোচনার বিষয় পরিবর্তন করে দেন তিনি। হতাশ হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সনিয়ার সামনে তা প্রকাশ করেননি।

পার্লামেন্টে কী আলোচনা হবে তা ঠিক করার জন্য একটি স্ট্র্যাটিজি গ্রুপ গঠন করা হয়েছিল। মাঝেমধ্যেই সেই গ্রুপের আলোচনা অংশ নিতেন না প্রণব মুখোপাধ্যায়। কংগ্রেস সরকারের আমলে প্রায় সব গুরুত্বপূর্ণ পদে থেকেছেন প্রণব। মনে করতেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম প্রার্থী তিনিই। নিজের স্মৃতিকথার বইয়ে প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে এমনই কথা লিখেছেন সনিয়া। প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে শুরু করে দল চালানোর ক্ষেত্রে অভিজ্ঞ সহযোগিতা কোন কোন নেতার কাছ থেকে পেয়েছেন, তা উল্লেখ করেছেন তিনি। এই পর্বেই প্রণব মুখোপাধ্যায়ের কথা লিখেছেন। প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে সনিয়া লিখেছেন, “তাঁর মেজাজের সমস্যা ছিল। অতি দ্রুত রেগে লাল হয়ে যেতেন প্রণব মুখোপাধ্যায়।” প্রসঙ্গত, ইউপিএ-২ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রণব। তিনিই প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রাজনীতির ময়দান থেকে সরাতেই প্রণবকে কংগ্রেস রাষ্ট্রপতি করেছিল কি না, সেই প্রশ্ন বারবার উঠেছে।

নিজের বইয়ে ইউপিএ সরকারকে নেপথ্য থেকে পরিচালনা করার অভিযোগও খারিজ করেছেন সনিয়া। তিনি জানিয়েছেন, তিনি সব সময় স্পষ্ট করে দিয়েছিলেন যে মনমোহন সিংই প্রধানমন্ত্রী। কংগ্রেস সভানেত্রী হিসেবে মনমোহনকে নিজের পরামর্শ দেওয়ার অধিকার তাঁর ছিল। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্যও জানাতে পারতেন তিনি।

সনিয়ার নতুন বই নিয়ে কটাক্ষ বিজেপির-

সনিয়া গান্ধীর নতুন বই প্রকাশের পর তাঁকে আক্রমণ করেছে বিজেপি। মঙ্গলবার বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন এক্স হ্যান্ডলে লেখেন, “প্রয়াত কে নটবর সিংয়ের বই প্রকাশের আগে তাঁর বাড়িতে সনিয়া গান্ধীর আকস্মিক যাওয়ার পিছনের সত্যিটাও কি তাঁর স্মৃতিকথায় প্রকাশ করবেন?”

Loading...
Unable to load recommendations.
Follow Us