UPI দিয়ে গণেশ কিনলেন স্পেনের প্রেসিডেন্ট, বউকে নিয়ে ফাটালেন বাজিও
Spanish president Pedro Sanchez uses UPI: মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে, তিনদিনের সফরে ভারতে এসেছেন প্রেসিডেন্ট স্যাঞ্চেজ। মঙ্গলবার ইউপিআই ব্যবহার করে মুম্বই শহর থেকে একটি গণেশের মূর্তি কিনলেন তিনি। মুম্বইয়ে স্ত্রীকে নিয়ে তিনি মেতেছেন দীপাবলি উদযাপনেও।

মুম্বই: বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার নেতারা ভূয়সী প্রশংসা করেছেন ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (UPI)-এর। যেভাবে, প্রযুক্তিকে সর্বসাধারণের কাজে লাগানো হয়েছে, তা বিশ্বের আর কোনও দেশ, এমনকি আমেরিকাও করে দেখাতে পারেনি বলে অতি সম্প্রতি মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক পল রোমার। আর এবার ভারতের এই যুগান্তকারী উদ্ভাবনকে কাজে লাগিয়ে, মঙ্গলবার মুম্বই শহর থেকে একটি গণেশের মূর্তি কিনলেন স্পেনের প্রেসিডেন্ট, পেদ্রো স্যাঞ্চেজ। তবে, নিজে নিজে তিনি ইউপিআই ব্যবহার করতে পারেননি। স্পেনীয় প্রেসিডেন্টকে ইউপিআই লেনদেন সম্পন্ন করতে সাহায্য করেন এক ভারতীয় প্রতিনিধি।
প্রসঙ্গত, মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে, তিনদিনের সফরে ভারতে এসেছেন প্রেসিডেন্ট স্যাঞ্চেজ। বুধবারই তিনি স্পেনের উদ্দেশে রওনা দেবেন। তার আগে সোমবার, স্ত্রী বেগোনা গোমেজকে নিয়ে ভারতের অর্থনৈতিক রাজধানীতে দীপাবলি উদযাপনে সামিল হন তিনি। স্পেনীয় প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে দেখা যায় প্রদীপ জ্বালতে। তারাবাতি বা ফুলঝুরির মতো বাজিও ফাটান তাঁরা। লাড্ডু-সহ বিভিন্ন সুস্বাদু ভারতীয় মিষ্টির স্বাদও উপভোগ করেন তাঁরা।
Spanish PM Sanchez & his wife at Mumbai Diwali 🪔 celebrations yesterday https://t.co/Uz7E9d5SyW pic.twitter.com/gIMLokiHsi
— Sidhant Sibal (@sidhant) October 28, 2024
দীপাবলি উদযাপনে মেতে ওঠার আগে, সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতে সি-২৯৫ সামরিক বিমান তৈরির জন্য, ‘টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড-এয়ারবাস’ কেন্দ্রের উদ্বোধন করেন প্রেসিডেন্ট স্যাঞ্চেজ। গুজরাটের ভদোদরায় তৈরি হয়েছে এই কেন্দ্র। ভারতে এই প্রথম বেসরকারি সেক্টরে তৈরি হবে সামরিক বিমান। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এতে একদিকে ভারত-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালি হবে। তার পাশাপাশি, ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ উদ্যোগও আরও এগিয়ে যাবে।

