
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে মানা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। উপনির্বাচনের আগে নাম প্রতীক ইস্যুতে কোনও স্বস্তি মিলবে কি মমতার? কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কি আইন মোতাবেক? শুনানিতে উঠে আসতে পারে এই বিতর্কই।
১৭ সেপ্টেম্বর রাতে কমিশন তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করার পর ১৮ সেপ্টেম্বরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন মমতা। ২১ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার জরুরি শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন আইনজীবী কপিল সিব্বল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল করা পিটিশনের ভিত্তিতে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার মেনশন করেন। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, কমিশন আগে কেন বিষয়টির নিষ্পত্তি করেনি? কেন নির্বাচনের ঠিক আগেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নাম ও প্রতীক ফ্রিজ করা হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এক্ষেত্রে সব পক্ষের বক্তব্য শোনা প্রয়োজন বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। জুন মাসে বিতর্কের সূচনা হলেও তিনমাস পর সেপ্টেম্বরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে কমিশন কেন নাম-প্রতীকের মালিকানার বৈধতা নিয়ে তৎপরতা শুরু করল, তা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।