Swati Maliwal: ‘কেজরীবাল আমাকে মেরেছে, আগে ছেঁড়া প্যান্ট পরত, এখন…’,বিস্ফোরক স্বাতী মালিওয়াল
Swati Maliwal attacks Arvind Kejriwal: কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাংসদ স্বাতী মালিওয়াল। তুলে ধরেন ২০২৪ সালের ঘটনাকেও। বলেন,"আমি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। ২০০৬ সাল থেকে আমি অরবিন্দ কেজরীবালের সঙ্গে কাজ করছি এবং প্রতিটি আন্দোলনে তাঁকে সমর্থন করেছি। কিন্তু, অরবিন্দ কেজরীবাল আমার নিজের বাড়িতেই এক গুন্ডাকে দিয়ে আমাকে মারধর করিয়েছেন।

নয়া দিল্লি : আপ ছেড়ে যে সাত সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁর মধ্যে রয়েছেন স্বাতী মালিওয়ালও। আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। কেজরীবালকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁকে গুণ্ডা বলেছেন স্বাতী। কটাক্ষ করে বলেছেন, একটা সময় ছেঁড়া প্যান্ট পরতেন, আর সেই কেজরীবালই ১০০ কোটি বাংলোতে বানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
‘গুন্ডা দিয়ে আমাকে মারধর করা হয়েছে…’
সংবাদ সংস্থা এএনআই-কে স্বাতী মালিওয়াল বলেন, “আমি কোনও বাধ্যবাধকতায় নয়, বরং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্বাস করি বলেই বিজেপিতে যোগ দিয়েছি। যাঁরা গঠনমূলক রাজনীতি করতে চান, আমি তাঁদের সবাইকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানাই।” কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। তুলে ধরেন ২০২৪ সালের ঘটনাকেও। বলেন,”আমি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। ২০০৬ সাল থেকে আমি অরবিন্দ কেজরীবালের সঙ্গে কাজ করছি এবং প্রতিটি আন্দোলনে তাঁকে সমর্থন করেছি। কিন্তু, অরবিন্দ কেজরীবাল আমার নিজের বাড়িতেই এক গুন্ডাকে দিয়ে আমাকে মারধর করিয়েছেন। আমি এর বিরুদ্ধে আওয়াজ তোলায় আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং এই ঘটনায় আমার দায়ের করা এফআইআর তুলে নেওয়ার জন্য তিনি আমার ওপর প্রচণ্ড চাপও সৃষ্টি করেন। দুই বছর ধরে দল আমাকে সংসদে কথা বলার কোনও সুযোগ দেয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। অরবিন্দ কেজরীবাল নারীবিদ্বেষী।”
‘দুর্নীতি’ ও ‘গুন্ডাগিরি’
মালিওয়াল দাবি করেছেন, আম আদমি পার্টি বর্তমানে একমাত্র ক্ষমতায় থাকা রাজ্য পঞ্জাবকে তাদের ‘ব্যক্তিগত এটিএম’-এ পরিণত করছে। তাঁর আরও অভিযোগ, যারা দলের বিরুদ্ধে আওয়াজ তোলেন, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়। মালিওয়াল নরেন্দ্র মোদী ও কেজরীবালেল তুলনা করে বলেন, “অরবিন্দ কেজরীবাল দুর্নীতি এবং ‘গুণ্ডাগিরি’- র জন্য পরিচিত । অন্যদিকে, আমাদের প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। অপারেশন সিঁদুরের সময় শত্রুদের ঘরে ঢুকে তাদের হত্যা করা এবং দেশে নকশালবাদের অবসান ঘটানো থেকে সংসদে নারী সংরক্ষণ বিল পেশ করা, দেশের উন্নয়নের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।”
‘ছেঁড়া প্যান্ট পরতেন, আর এখন ১০০ কোটির বাংলো’
সাত সাংসদ দল ছাড়ার পর তাঁদের বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছে আপ। পাল্টা মালিওয়ালের আক্রমণ, কেজরীবালই আসল বিশ্বাসঘাতক। তিনি বলেন, “২০১১ সালে যখন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, তখন তিনি ছেঁড়া প্যান্ট পরতেন, দুই টাকার কলম ব্যবহার করতেন এবং জরাজীর্ণ একটি গাড়িতে ঘুরে বেড়াতেন।” কিন্তু তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার পরই কেজরীবাল ১০০ কোটির একটি বাড়ি তৈরি করেছেন। আমরা সবাই অনুপ্রাণিত হয়েছিলাম। ভেবেছিলাম এই মানুষটি দেশে পরিবর্তন আনবেন। আন্দোলনের সময় তিনি পুরো দেশকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন এবং দেশের জনগণও মুগ্ধ হয়েছিল। কিন্তু তিনি কী করলেন? ক্ষমতায় আসা মাত্রই তিনি একশো কোটি টাকার একটি বাড়ি তৈরি করলেন। কোটি কোটি টাকার কার্পেট লাগালেন এবং লক্ষ-কোটি টাকার ফ্রিজ কিনলেন। সোফা পর্যন্তও বিলাসবহুল।”
কেজরীবালকে দেশদ্রোহী বলেছেন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, “দেশদ্রোহী কাকে বলে? নিজের মূল নীতির বিরুদ্ধে কাজ করাকেই দেশদ্রোহিতা বলে মনে করি আমি। আর অরবিন্দ কেজরীবালের থেকে বড় দেশদ্রোহী আর কেউ নেই।”
