Vijay next Chief Minister Tamil Nadu: ভোটের ফলপ্রকাশের পরও ‘জিতলেন’ বিজয়! জোগাড় হল ১১৮ বিধায়কের সমর্থন
TVK government formation: বিগত দুইদিন ধরে রাজ্যপালের কাছ থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে টিভিকে প্রধান বিজয়কে। সকালেই আবার জল্পনা তৈরি হয়, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে-এআইএডিএমকে জোট বেঁধে সরকার গড়তে পারে। তবে সূত্রের খবর, বিজয়ই শেষ পর্যন্ত সরকার গঠন করতে চলেছে।

চেন্নাই: ভোটের ফল বেরিয়েছে ৪ মে। এখনও তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে পারলেন না! কে সরকার গড়বে, তা নিয়েই সংশয় কাটছে না। বিগত দুইদিন ধরে রাজ্যপালের কাছ থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে টিভিকে (TVK) প্রধান বিজয়কে। সকালেই আবার জল্পনা তৈরি হয়, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে(DMK)-এআইএডিএমকে (AIADMK) জোট বেঁধে সরকার গড়তে পারে। তবে সূত্রের খবর, বিজয় (Vijay)-ই শেষ পর্যন্ত সরকার গঠন করতে চলেছে।
শুক্রবার বিকেল থেকে চেন্নাইয়ে বিজয়ের বাড়ির বাইরে ‘টিভিকে, টিভিকে’ স্লোগান দিতে থাকেন কর্মী-সমর্থকরা। কিছুক্ষণ আগেই তারা তামিলনাড়ুর রাজ্যপালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। হঠাৎ এই পরিবর্তনের কারণ, টিভিকে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে ফেলেছে। অর্থাৎ বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনও বাধা রইল না।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮ আসনের। বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিজয় নিজেই ২টি আসনে জয়ী হয়েছেন। অর্থাৎ ১০৭টি আসন। ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজনীয় ১১টি আসনের মধ্যে ৫ জন কংগ্রেস বিধায়ক সমর্থন জানাচ্ছে। এবার সিপিআই (CPI), সিপিআই(এম) (CPI(M) ও ভিসিকে (VCK) -টিভিকে-কে সমর্থন জানাতে রাজি হয়ছে।
টিভিকে নেতা কামরাজ বলেছেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে জনগণের মতাদেশ মেনে নিয়েছে সরকার গঠন করতে এবং বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বানাতে।”
সূত্রের খবর, টিভিকে প্রধান বিজয় ইতিমধ্যেই বিকেল সাড়ে ৪টের সময় তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকরের সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন। তবে রাজ্যপালের কাছ থেকে জবাব মেলেনি। সূত্রের খবর, আজ সন্ধে ৬টার সময় সরকার গঠন করতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।
