AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swasthya Bhawan: সরকারি হাসপাতালের ভিতর এবার কারা প্রবেশ করতে পারবেন না, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন

Kolkata: নির্দেশিকায় শুধু নিষেধাজ্ঞা জারিই নয়, তার কঠোর বাস্তবায়নের উপরেও জোর দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে।

Swasthya Bhawan: সরকারি হাসপাতালের ভিতর এবার কারা প্রবেশ করতে পারবেন না, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন
স্বাস্থ্য ভবনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 5:22 AM
Share

কলকাতা: সংক্রমণ রোধ, পরিচ্ছন্নতা ও রোগীর গোপনীয়তা রক্ষায় কড়া পদক্ষেপ। সরকারি হাসপাতালের ভিতরে কারা প্রবেশ করতে পারবেন না এবার থেকে সেই নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার থেকে  হকার, ফেরিওয়ালা কিংবা দোকানদারদের অবাধ যাতায়াতে লাগাম টানতে হবে। (Swasthya Bhawan)। হাসপাতালের ইনডোর, আউটডোর এবং রোগী পরিষেবার সঙ্গে যুক্ত কোনও এলাকায় বিনা অনুমতিতে তাঁদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে কড়া নির্দেশিকা পাঠাল স্বাস্থ্য ভবন। নির্দেশ কার্যকর করতে হবে অবিলম্বে। কোনও রকম গাফিলতি বা নির্দেশ অমান্য করার ঘটনা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর, স্বাস্থ্য ভবনের ‘ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনে-র’ তরফে এই মর্মে নির্দেশ জারি করেছেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক (ডাঃ) ইন্দ্রজিৎ সাহা। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের অভ্যন্তরে যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সেই কারণেই হাসপাতালের ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (আইপিডি), আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) এবং রোগী পরিষেবা সংক্রান্ত অন্যান্য এলাকায় হকার, বিক্রেতা ও দোকানদারদের অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

সরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগী ও তাঁদের পরিজনদের ভিড়ের মধ্যে হকার ও বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠেছে। হাসপাতালের ভিতরে পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণের ঝুঁকি কমানো এবং রোগীদের ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এ বার প্রশাসনিক স্তরে কড়া অবস্থান নিল স্বাস্থ্য ভবন।

নির্দেশিকায় শুধু নিষেধাজ্ঞা জারিই নয়, তার কঠোর বাস্তবায়নের উপরেও জোর দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে। নির্দেশ কার্যকর করতে কোনও গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা গুরুতর ভাবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেছেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা।

অর্থাৎ, হাসপাতালের চিকিৎসা পরিষেবার পরিসরে কারা প্রবেশ করতে পারবেন, তা নিয়ন্ত্রণে এ বার আরও কঠোর হতে চলেছে স্বাস্থ্য প্রশাসন। রোগীর চিকিৎসা, নিরাপত্তা এবং গোপনীয়তার প্রশ্নে কোনও আপস করতে নারাজ স্বাস্থ্য ভবন।

Follow Us