
কলকাতা: ঋতব্রতদের টক্কর দিতে তিন ট্রাক ভর্তি নথি নির্বাচন কমিশনে জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কমিশনে হবে নাম-প্রতীকের লড়াই। কিন্তু নথি জমা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তাতে মিলছে অন্য এক সমীকরণের ইঙ্গিত। ঋত-শিবির থেকে কি বিধায়করা সরে যাচ্ছেন মমতার দিকে?
রবিবার নির্বাচন কমিশনে মমতা-শিবিরের ট্রাক প্রবেশ করতে দেখা যায়। কল্যাণ জানিয়েছেন, ৩ টি ট্রাক যাচ্ছে কমিশনে। তাতে কী কী নথি দেওয়া হয়েছে, সে কথা স্পষ্টভাবে জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সব হার্ড কপি এবং সফট কপি জমা দেওয়া হয়েছে। যা যা নথি জমা দেওয়া হচ্ছে, তা প্রতিপক্ষ শিবিরকেও দেবে কালীঘাট।
প্রত্যেকটি হলফনামায় স্ট্যাম্প পেপারে ব্যক্তির ছবিসহ ভোটার কার্ডের ফটোকপি যুক্ত করা হয়েছে।
লোকসভার আট জন এবং রাজ্যসভার ন’জন মিলিয়ে মোট ১৭ জন সাংসদের সই করা হলফনামা জমা দেওয়া হয়েছে।
৩২ জন বিধায়কের সই করা হলফনামা জমা পড়েছে।
মেঘালয়ের পাঁচজন বিধায়ক এবং অসমের পাঁচজন বিধায়কের সমর্থন জমা পড়েছে।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকি ছ’জনের সমর্থন জমা দিয়েছে কালীঘাট শিবির।
কাউন্সিলর এবং অন্যান্য জনপ্রতিনিধিদের হলফনামা দেওয়া হয়েছে।
দুই লক্ষের বেশি প্রাইমারি মেম্বারের সমর্থনের হলফনামা জমা পড়েছে।
২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৮০ জন প্রার্থী জয়ী হন। তার মধ্যে প্রথমেই ৫০ জন শিবির বদল করে ঋত-শিবিরে যোগ দেন। পরে আরও একাধিক নাম সামমে আসে। সব মিলিয়ে সংখ্যাটা ৬০-এর বেশি বলেই দাবি করেন ঋত-শিবিরের নেতারা। ফলে, সেই হিসেবে মমতা-শিবিরের কাছে ২০-র বেশি বিধায়ক থাকা সম্ভব নয়। তাই কল্যাণ যখন বলছেন, ৩২ জন বিধায়কের সই তাঁরা জমা দিয়েছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঋত-শিবিরে সংখ্যা কি কমছে?
এমনটা অবশ্য মনে করে না ঋতব্রত-শিবিরের নেতা শান্তনু সেন। তাঁর দাবি, ৬২ থেকে ৬৪ জন বিধায়ক তাঁদের সঙ্গে আছেন।