AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: ‘তদন্ত নয়, আমায় গ্রেফতার করাই উদ্দেশ্য’, কেন BJP-র কাছে ‘থ্রেট’ AAP, ব্যাখ্যা করলেন কেজরী

WITT Satta Sanmelan: সত্তা সম্মেলনে বারংবার ইডির সমন এড়ানোর প্রশ্নের জবাবে অরবিন্দ কেজরীবাল বলেন, "২ বছর ধরে তদন্ত চলছে। বলছে মদ নিয়ে কিছু দুর্নীতি হয়েছিল। অগুনতি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। রোজ তল্লাশি চলছে। কতজনকে গ্রেফতার করেছে, কিন্তু এক পয়সাও উদ্ধার করতে পারেনি। মণীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, সঞ্জয় সিং জেলে রয়েছেন, কিন্তু এদের কারোর কাছ থেকে এক পয়সাও উদ্ধার করতে পারেনি।"

Arvind Kejriwal: 'তদন্ত নয়, আমায় গ্রেফতার করাই উদ্দেশ্য', কেন BJP-র কাছে 'থ্রেট' AAP, ব্যাখ্যা করলেন কেজরী
অরবিন্দ কেজরীবাল।Image Credit: TV9 Network
| Updated on: Feb 27, 2024 | 8:14 PM
Share

নয়া দিল্লি: আটবার ইডি সমন পাঠিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল(Arvind Kejriwal)-কে, তারপরও কেন ইডি(ED)-র দফতরে যাচ্ছেন না? অবশেষে এই প্রশ্নের উত্তর দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” (What India Thinks Today) কনক্লেভের। অনুষ্ঠানের শেষ দিনে, সত্তা সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, “এদের উদ্দেশ্য তদন্ত করা নয়, আমায় গ্রেফতার করা।”

এ দিন সত্তা সম্মেলনে বারংবার ইডির সমন এড়ানোর প্রশ্নের জবাবে অরবিন্দ কেজরীবাল বলেন, “২ বছর ধরে তদন্ত চলছে। বলছে মদ নিয়ে কিছু দুর্নীতি হয়েছিল। অগুনতি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। রোজ তল্লাশি চলছে। কতজনকে গ্রেফতার করেছে, কিন্তু এক পয়সাও উদ্ধার করতে পারেনি। মণীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, সঞ্জয় সিং জেলে রয়েছেন, কিন্তু এদের কারোর কাছ থেকে এক পয়সাও উদ্ধার করতে পারেনি। সুপ্রিম কোর্টও বলেছে, আপনাদের কাছে কোনও প্রমাণ নেই। দুই মিনিটও এই মামলা আদালতে টিকবে না। এটা সুপ্রিম কোর্ট বলছে। এটা তদন্তের জন্য নয়, এই মামলা আম আদমি পার্টিকে দমন করার জন্য। দেশের একটা পার্টি দেখান, যেখানের ১, ২, ৩ নম্বর নেতারা জেলে বসে আছেন বিনা কোনও অভিযোগে।”

কেজরীবাল বলেন, “আমার মতে, আমাদের দলই একমাত্র দল যারা ১০ বছরে দুই রাজ্যে সরকার গড়েছে। আমাদের দলই জনতার সমস্যা নিয়ে কথা বলে। কোন দল সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলে? ভবিষ্যতে যদি বিজেপির কোনও দল থেকে বিপদ থাকে, তা হল আম আদমি পার্টি। সেই কারণে ওরা আপ-কে গোড়া থেকেই দমন করতে চাইছে।”

ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “গোটা দেশ দেখছে যে এদের উদ্দেশ্য তদন্ত করা নয়, আমায় গ্রেফতার করা। আজই ভলেন্টিয়ারদের ফোন এসেছিল, ওরা বলল গলিতে লোকজন চর্চা করছিল আমায় নিয়ে। বলছে, আমি খুব ভাল করেছি যে ইডির কাছে যাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য শুধু কেজরীবালকে গ্রেফতার করা। ইডি, সিবিআই-র উদ্দেশ্য আজ তদন্ত করা নয়।”

কেজরীবালের বড় দাবি, ইডির ভয় দেখানো না হলে, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে অন্য দল তৈরি করে নিত। তিনি বলেন,  “এনসিপি, শিবসেনাকে ভেঙে দিচ্ছে। শিবরাজ সিং চৌহান এত বড় নেতা, তিনবারের মুখ্যমন্ত্রী। বসুন্ধরা রাজে এত বড় নেত্রী। এক ধাক্কায় এদের সরিয়ে দিয়েছে। আমি বলছি শুনুন, আজ যদি ইডি না থাকত, তবে এরা আলাদা পার্টি তৈরি করে নিত। বিজেপিকে নাস্তানুবুদ করে দিত। ইডির ভয় দেখিয়ে কেন্দ্রীয় সরকার চলছে। এই দলকে ভেঙে দাও, ওই সরকারকে ভেঙে দাও।”

শেষে কেজরীবাল বলেন, “আমি তাই-ই করব, যা আইনত বৈধ। আমি ইডির কয়েকটা সমনে হাজিরা দিইনি। ওরা আমার নামে আদালতে মামলা করেছে। এবার আদালতে গিয়ে আমি বলব যে ইডির সমন কীভাবে বেআইনি।”

Follow Us