Amit Shah: ‘কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন না’, রাহুলকে কটাক্ষ শাহর, SIR নিয়েও দিলেন হিসাব
Amit Shah Attacks Rahul Gandhi Over SIR: রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কটাক্ষ করেন অমিত শাহ। তাঁর বক্তব্য, "বছরে মাত্র তিন-চার মাস ভারতে থেকে, তারপর বিদেশে চলে গেলে নির্বাচনে জেতার আশা করা যায় না। রাহুলের উচিত আরও বেশি সময় দেশে থাকা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যার সমাধানে কাজ করা।"

হায়দরাবাদ: বিজেপির বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী, তখন পাল্টা তাঁকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তেলঙ্গানারা হায়দরাবাদে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচিতে যোগ দিয়ে লোকসভার বিরোধী দলনেতাকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির এই পদযাত্রায় অংশ নিয়ে রাহুলকে কটাক্ষ করার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-র বিরোধিতা নিয়েও কংগ্রেসকে নিশানা করেন তিনি।
কী বললেন অমিত শাহ?
দু’দিন আগে রাহুল গান্ধীর উদ্যোগে আয়োজিত মক পার্লামেন্টের প্রসঙ্গ তুলে এদিন তাঁকে কটাক্ষ করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই কর্মসূচিতে রাহুলের প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করা উচিত ছিল। কারণ, বাস্তব সংসদে কখনও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তিনি পাবেন না। অন্তত ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে সনিয়া গান্ধী কিছুটা খুশি হতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কটাক্ষ করেন অমিত শাহ। তাঁর বক্তব্য, “বছরে মাত্র তিন-চার মাস ভারতে থেকে, তারপর বিদেশে চলে গেলে নির্বাচনে জেতার আশা করা যায় না। রাহুলের উচিত আরও বেশি সময় দেশে থাকা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যার সমাধানে কাজ করা।”
সভায় বক্তব্য রাখতে গিয়ে SIR-র বিরোধিতা করা নিয়ে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলিকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা।
এর আগে একদিন আগে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের নেতারা যে সভা করেছিলেন, সেখানেও ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধীরা। সেই সভাকে কটাক্ষ করে রাহুলকে নিশানা করে অমিত শাহ বলেন, “এটা ‘ভোট বাঁচাও’ সভা ছিল না। এটা ছিল ‘অনুপ্রবেশকারীদের বাঁচাও’ সভা।” অমিত শাহের আরও অভিযোগ, SIR-এর বিরোধিতা করে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রাখতে চাইছে কংগ্রেস।
SIR ও অনুপ্রবেশকারীদের নিয়ে কী বললেন অমিত শাহ?
SIR নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুরো কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি SIR বন্ধ করার চেষ্টা করছে। কারণ, এই অনুপ্রবেশকারীরাই তাদের ভোটব্যাঙ্ক। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা দৃঢ়ভাবে SIR-এর পাশে রয়েছে।” তিনি আরও বলেন, দেশের ভোটাধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই থাকা উচিত। রাহুল গান্ধী এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই প্রক্রিয়ার বিরোধিতা চালিয়ে যেতে পারেন। কিন্তু বিজেপি নিশ্চিত করবে, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে এবং তাঁদের দেশ থেকে বিতাড়িত করা হবে।
কলকাতাতেও বিজেপির একই কর্মসূচি-
এদিন কলকাতাতেও একই ধরনের পদযাত্রায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। উল্লেখ্য, ভোট চুরির অভিযোগ তুলে ইন্ডি জোটের প্রতিবাদের পাল্টা কর্মসূচি হিসেবেই দেশজুড়ে এই প্রচার অভিযান শুরু করেছে বিজেপি। ভোটার তালিকা এবং SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহেই এই পদযাত্রার আয়োজন।
