
নয়ডা: তিনি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারত ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। সেই কপিল দেবের একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের উদ্বোধনে এসে পাকিস্তানকে খোঁচা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কপিল দেবকে ডাক্তারের সঙ্গে তুলনা করে বললেন, প্রাক্তন ভারত অধিনায়ককে দেখে মাঠে নামার আগেই অর্ধেক হেরে যেত পাকিস্তান টিম।
গ্রেটার নয়ডার সেক্টর ১০ এলাকায় ৩০০ বেডের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়েছেন কপিল দেব ও ব্যবসায়ী সুনীল কুমার গুপ্তা। বৃহস্পতিবার সেই হাসপাতালে উদ্বোধনে আসেন যোগী আদিত্যনাথ। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে চিকিৎসকদের বার্তা দিতে গিয়ে পাকিস্তানকে খোঁচা দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
आप बीमारी की तुलना पाकिस्तान से कर लें तो यह मान कर चलिए कि… pic.twitter.com/Pko2R9rsOJ
— Yogi Adityanath (@myogiadityanath) March 5, 2026
যোগী বলেন, “একজন রোগী যখন চিকিৎসকের কাছে আসেন, তখন বিশ্বাসের সঙ্গে আসেন। টাকা কোনও ইস্যু নয়। ডাক্তারের ব্যবহারের উপর বিশ্বাস থাকে। ডাক্তার যা বলছেন, তার উপর বিশ্বাস থাকে। সেটাই ঠিক হওয়া দরকার। প্রত্যেক ব্যক্তির জন্য সুলভ হওয়া দরকার। ডাক্তারের ভালো ব্যবহার রোগীর অর্ধেক রোগ ঠিক করে দেয়।”
হাসপাতালের উদ্বোধন করছেন যোগী আদিত্যনাথ
এরপরই পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, “যেমন কপিল দেব যখন বল করতেন, কিংবা ভারতের ক্যাপ্টেন ছিলেন, তখন আমাদের বিরোধী পাকিস্তান টিম সেখানে অর্ধেক হেরে যেত। রোগের সঙ্গে যদি পাকিস্তানের তুলনা করা হয়, তাহলে ডাক্তারের ভূমিকায় কপিল দেব আর রোগ পাকিস্তান। তাহলে ডাক্তার কপিল দেবকে দেখেই অর্ধেক হেরে যেতে পাকিস্তান। তেমনই চিকিৎসককে দেখে অর্ধেক রোগই সেরে গেলে, অর্ধেক রোগের জন্য তো ওষুধ ও প্রার্থনা রয়েছে।”