ECI Supreme Court SIR Tribunal: ‘শুনানি হতে ১২ বছর সময় লেগে যাবে…’, রাজ্যে SIR-র ট্রাইব্যুনাল নিয়ে হলফনামা কমিশনের, কী আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে?
West Bengal SIR: এ দিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায়, "যে গতিতে অ্যাপলেট ট্রাইব্যুনালে আবেদনের বিচার হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে এসআইআরে নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদনের বিচার করতে ১২ বছর সময় লাগবে।"

নয়া দিল্লি: রাজ্যে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) শুরু হয়েছিল গত বছর। এরপর ধাপে ধীপে খসড়া তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পায়। তবে এসআইআরের জট এখনও কাটেনি। যাদের নাম এসআইআরে বাদ পড়েছিল, যারা পুনরায় বিবেচনার জন্য আবেদন করেছিলেন, তাদের অধিকাংশেরই আবেদনের শুনানি হয়নি এখনও। এবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন (Election Commission of India) জানাল, অ্যাপলেট ট্রাইব্যুনালের এই গতিতে শুনানি হলে, ১২ বছর সময় লেগে যাবে।
এ দিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায়, “যে গতিতে অ্যাপলেট ট্রাইব্যুনালে আবেদনের বিচার হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে এসআইআরে নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদনের বিচার করতে ১২ বছর সময় লাগবে।”
আপেলেট ট্রাইব্যুনালে সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৪২ করার আবেদন হলফনামায় জানানো হয়েছে। একইসঙ্গে জুডিশিয়াল অফিসারদের তাদের বাসভবন বা যে কোনও জায়গা থেকে অনলাইন শুনানি করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এই জন্য সফটওয়্যারের প্রয়োজনীয় আপডেট করার নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে হলফনামায়।
হলফনামা অনুযায়ী, এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া ১,২৬,১৯৪ টি আপিলের মধ্যে প্রায় ৯৩ শতাংশ আপিলে আবেদনকারী জয়ী হয়েছেন এবং তাদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ১.২ লাখের মধ্যে ৮,৬৪৯ জন আপিলে হেরে গিয়েছেন এবং তাদের নাম বাদ দেওয়া হবে।
কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়ার পর বাদ পড়া ২৭ লাখ মানুষের মধ্যে ২২ লক্ষ ২১ হাজার ১১৮ জন আপিল দায়ের করেছেন। বেসরকারি আবেদনকারী এবং নির্বাচন কমিশনের (ECI) মাধ্যমে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের করা মোট আপিলের সংখ্যা ১৬,১০,৩১১।
