What India Thinks Today: ‘৪০০ পার’ আটকে দেবে ‘ইন্ডিয়া’? TV9-এর মঞ্চে অঙ্কের ক্লাস নিলেন অনুরাগ
What India Thinks Today: তিনি সাফ জানান, বিরোধী দলের ইন্ডিয়া জোট, এনডিএ-র ৪০০ আসন পারের লক্ষ্যকে কোনওভাবেই প্রভাবিত করতে পারবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, 'শূন্যর সঙ্গ শূন্য যোগ করলে কত হয়? শূন্যই হয় না?' বলাই বাহুল্য, এই মন্তব্যের মধ্য দিয়ে, ইন্ডিয়া জোটের সকল শরিককেই শূন্য বলতে চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নয়া দিল্লি: ‘মহাঠকন্ধন’, রবিবার (২৫ ফেব্রুয়ারি), TV9 নেটওয়ার্কের বার্ষিক সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে ‘ইন্ডিয়া’ জোটকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রবিবার থেকে শুরু হল তিনদিনের এই সম্মেলন। সম্মেলনের প্রথম অধিবেশনেই এক বিশেষ সক্ষাৎকারে অংশ নেন অনুরাগ ঠাকুর। তিনি সাফ জানান, বিরোধী দলের ইন্ডিয়া জোট, এনডিএ-র ৪০০ আসন পারের লক্ষ্যকে কোনওভাবেই প্রভাবিত করতে পারবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শূন্যর সঙ্গ শূন্য যোগ করলে কত হয়? শূন্যই হয় না?’ বলাই বাহুল্য, এই মন্তব্যের মধ্য দিয়ে, ইন্ডিয়া জোটের সকল শরিককেই শূন্য বলতে চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অনুরাগ ঠাকুর বলেন, ‘শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। মহাঠকবন্ধন জোট আমরা ২০১৭, ২০১৯, ২০২২ – তিনবার দেখেছি। কখনই তারা আমাদের আটকাতে পারেনি।” TV9-এর মঞ্চে দুর্নীতি নিয়েও বিরোধীদের আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়ে, বিরোধী নেতারা আজ একে অপরের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। সেটাই জোট বহাঁধার কারণ। তিনি বলেন, “রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী দুর্নীতি মামলায় জামিনে বাইরে আছেন। ইডি অরবিন্দ কেজরীবালকে সাতবার সমন পাঠিয়েছে, উনি একবারও যাননি। তাঁর দলের দুই মন্ত্রী কারাগারে, কেজরীবাল তাঁদের সততার সার্টিফিকেট দিয়েছেন। ২০১৪ সালে আমরা দুর্নীতিমুক্ত সরকার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ ১০ বছর বাদে বুক ঠুকে বলতে পারি ১০ পয়সারও দুর্নীতি করেনি মোদী সরকার। কিন্তু, কংগ্রেস ৭০ বছর ধরে দুর্নীতি করে এসেছে। সেই দুর্নীতির শিকড় ওপড়াতে সময় লাগবে।”
এদিন অবশ্য রাজনীতি নিয়ে নয়, মূলক ক্রীড়া নিয়ে কথা বলতেই হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে এসেছিলেন অনুরাগ ঠাকুর। শুরুতেই, TV9 নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুন দাস কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে এক বিশেষ স্মারক উপহার দিয়ে অভ্যর্থনা জানান। দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণের পাশাপাশি, অনুরাগ ঠাকুর মোদী সরকারের সাফল্যই তুলে ধরেন। তিনি জানান, গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হয়েছে ভারত। বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ভাল পারফর্ম করছে ভারত।
ভারতের অর্থনৈতিক অগ্রগতির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের দাবিও জানান তিনি। “তিনি বলেন, “আজ ভারতে ১৫০টি বিমানবন্দর রয়েছে। ক্রীড়া পরিকাঠামো প্রতিদিন উন্নত হচ্ছে। অলিম্পিক দেখার জন্য আমাদের জনসংখ্যা সবথেকে বেশি। তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উচিত, ২০৩৬ সালে ভারতকেই অলিম্পিক আয়োজনের অধিকার দেওয়া।” অদূর ভবিষ্যতে, ভারত ইন্টারনেটে কনটেন্ট তৈরির মহাদেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
