
কলকাতা: সামান্য বচসা। সেই থেকে শুরু হয় তর্কাতর্কি। আর তার জল এতদূর গড়িয়ে যাবে কেউ হয়ত ভাবেনি। দমকল অফিসের সামনে তুমুল বচসা। তারপর তা থেকে হাতাহাতি, মারামারি। গাড়ি কোথায় রাখা হবে সেই নিয়েই এই গণ্ডগোল। দমকলের নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ। খাস কলকাতায় এমন ধরনের ঘটনায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।
ঘটনার বিবরণ
দমকলের সদর দফতরের সামনে তুমুল বচসা হয়েছিল। গাড়ি রাখাকে কেন্দ্র করে এই বচসা তৈরি হয়েছে। দমকলের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার তিনজন। তাঁদের গ্রেফতার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ।
পুলিশ সূত্রে দাবি,তিন যুবক শনিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় মির্জা গালিব স্ট্রিটে দমকলের সদর দফতরের সামনে গাড়ি পার্কিং করেছিলেন। সেই সময় গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা গাড়ির সরিয়ে নিতে বলেন। অভিযোগ,ওই যুবকরা গাড়ি সরাতে চাননি। বচসায় জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীদের সঙ্গে। নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। পার্ক স্ট্রিট থানায় দমকল বিভাগের তরফে অভিযোগ জানানো হয়। সরকারি কর্মীদের মারধর, কাজে বাধা দেওয়া এই সমস্ত ধারায় মামলা রুজু করে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।