Bullet Train in Bengal: শিলিগুড়ি থেকেই ছুটবে বুলেট ট্রেন, বাংলায় এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর
NXT Gen Metro in Kolkata: অন্যদিকে বাংলার জন্য যে বড় অঙ্কের বরাদ্দ কার্যত দরজায় কড়া নাড়ছে তাও জানালেন রেলমন্ত্রী। কত বারদ্দ হচ্ছে, কী কী প্রকল্পে কাজ হচ্ছে তারও বিশদে হিসাব দিয়ে বললেন, “ইউপিএ সরকারের আমলে ৪০০০ কোটি মিলত বাংলার জন্য। আর নরেন্দ্র মোদীজী ১৪২০৫ কোটি দিয়েছেন।”

কলকাতা: সরকার বদলের এক মাসের মধ্যেই বাংলায় রেলের কাজে গতি। একের পর এক রেল প্রকল্প আটকে থাকায় রেলমন্ত্রীকে পাশে বসিয়ে আগের সরকারের অসহযোগিতা নিয়ে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় সমর্থন জানিয়ে আগের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সাফ বললেন, “আগের সরকার রেলের উন্নয়ন আটকে রেখে দিয়েছিল। তৃণমূল সরকার মেট্রো রেলের সুবিধা কলকাতার মানুষ যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। আজ বাংলায় যে পরিবর্তন এসেছে, তাতে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ যাতে হয় সেটাই দেখব।”
কত টাকার বরাদ্দ?
অন্যদিকে বাংলার জন্য যে বড় অঙ্কের বরাদ্দ কার্যত দরজায় কড়া নাড়ছে তাও জানালেন রেলমন্ত্রী। কত বারদ্দ হচ্ছে, কী কী প্রকল্পে কাজ হচ্ছে তারও বিশদে হিসাব দিয়ে বললেন, “ইউপিএ সরকারের আমলে ৪০০০ কোটি মিলত বাংলার জন্য। আর নরেন্দ্র মোদীজী ১৪২০৫ কোটি দিয়েছেন। এখন তো এনওসি দেওয়ার কাজ, জমি অধিগ্রহণের সমস্যা সব সমাধান হতে শুরু করেছে। আগামীতে সবাই মিলে আরও দ্রুত কাজ হবে।”
আসছে বুলেট ট্রেন
বাংলার জন্য রেলের রূপরেখা সম্পর্কে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, “১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে। তার মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বন্দে ভারত স্লিপার সবার আগে বাংলায় চালু হয়েছিল। ৯ বন্দে ভারত এক্সপ্রেস চলছে বাংলায়। ১৩টি অমৃত ভারত চলছে।” এবার যে বাংলাও বুলেট ট্রেন পাচ্ছে সে কথা জানান রেলমন্ত্রী। সাফ বলেন, “পশ্চিমবঙ্গে এবার প্রধানমন্ত্রী বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছেন। দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে এই বুলেট ট্রেন। দিল্লি থেকে ৬ ঘণ্টায় আরামে বসে এবার শিলিগুড়ি চলে আসতে পারবেন। কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন নেক্সট জেনারেশনের ট্রেন আনা হবে। একইসঙ্গে পূর্ব থেকে পশ্চিমের ফ্রেট করিডোর চালু হচ্ছে। ডানকুনি থেকে চালু হয়ে তা সুরাট পর্যন্ত যাবে।” একইসঙ্গে পশ্চিমবঙ্গে রেলের ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করেন।
