Abhishek Banerjee: CBI-এর জনৈক অভিষেক প্রসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ বললেন, ‘প্রমাণ দিলে ফাঁসিতে ঝুলব…’
Abhishek Banerjee: তিনি বলেন, "২০২০ সালে বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোন ভুল হয়েছে বা কোনও দুর্নীতি হয়েছে। কেউ দশ পয়সা তুলেছে চার্জশিট লাগবে না। সমন দিয়ে ডাকতে হবে না। ফাঁসির মঞ্চ করুন মৃত্যু বরণ করব।"

কলকাতা: বুধবার নিয়োগ দুর্নীতি নিয়ে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তবে এই অভিষেক আদতে কে তা স্পষ্ট করা হয়নি চার্জশিটে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে এই নিয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “২০২০ সালে বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও ভুল হয়েছে বা কোনও দুর্নীতি হয়েছে। কেউ দশ পয়সা তুলেছে চার্জশিট লাগবে না। সমন দিয়ে ডাকতে হবে না। ফাঁসির মঞ্চ করুন মৃত্যু বরণ করব। আজও একই কথা বলব প্রমাণ থাকলে প্রমাণ দেবেন।” তিনি এও বলেন, “নবজোয়ারের সময় সিবিআই ডেকেছিল। কী হল? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, আঘাত করবেন…আপনাদের কাছে বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মানুষের কাছে যাব মাথা নত করব।”
উল্লেখ্য়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে সেই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে সিবিআই (CBI)। এরপর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই-এর দাবি, সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তুনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বৈঠক হয়। সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয়। সেই রেকর্ডিং হাতে আসে সিবিআই-এর। তারপরই এই চার্জশিট।

