AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medical Negligence Allegation: ‘সিলিন্ডারে গ্যাসই নেই’, অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ কলকাতা মেডিক্যালে

Kolkata Medical: পরিবারের দাবি, সোমবার বন্ড সই করে ওই রোগীকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল, সেটিতে অক্সিজেন ছিল না বলে দাবি তরুণ সাহার পরিবারের। তাঁদের বক্তব্য, অক্সিজেন না থাকার কারণেই তরুণ সাহার মৃত্যু হয়েছে। রোগীকে নিয়ে যাওয়ার সময় কীভাবে খালি সিলিন্ডার দেওয়া হল, সেই নিয়েই প্রশ্ন তুলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলছেন পরিবারের লোকেরা।

Medical Negligence Allegation: 'সিলিন্ডারে গ্যাসই নেই', অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ কলকাতা মেডিক্যালে
এই অক্সিজেন সিলিন্ডার নিয়েই ক্ষোভ মৃতের পরিবারেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2024 | 9:49 PM
Share

কলকাতা: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। অক্সিজেন না পেয়ে রোগী মৃত্য়ুর অভিযোগে সোমবার সন্ধেয় উত্তেজনা কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে। জানা যাচ্ছে, তরুণ সাহা নামে এক রোগীকে গতকাল বনগাঁ থেকে এখানে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। পরিবারের দাবি, সোমবার বন্ড সই করে ওই রোগীকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল, সেটিতে অক্সিজেন ছিল না বলে দাবি তরুণ সাহার পরিবারের। তাঁদের বক্তব্য, অক্সিজেন না থাকার কারণেই তরুণ সাহার মৃত্যু হয়েছে। রোগীকে নিয়ে যাওয়ার সময় কীভাবে খালি সিলিন্ডার দেওয়া হল, সেই নিয়েই প্রশ্ন তুলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলছেন পরিবারের লোকেরা।

পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁরা ইতিমধ্য়েই স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে দাবি মৃত রোগীর পরিবারের। সোমবার সন্ধের এই ঘটনাটি ইতিমধ্য়ে নজরে এসেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষেরও। জানা যাচ্ছে, বিষয়টি খতিয়ে দেখছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

সোমবার সন্ধের এই ঘটনার পর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের ছেলে সুদীপ্ত সাহা। তাঁর বক্তব্য, ‘গাড়ির চালকই বলছে, সিলিন্ডারে তো গ্যাসই নয়। তারপর সিলিন্ডার খুলে দেখলাম সত্য়িই গ্য়াস নেই। তারপর আমি আবার হাসপাতালে শুনতে গিয়েছি, যে সিলিন্ডারে গ্য়াস নেই… নাকি অন্য কোনও সমস্যা হচ্ছে যার জন্য চালাতে পারছি না। কিন্তু গিয়ে দেখি যে সিলিন্ডার দিয়েছিল, সেই ব্যক্তি নেই।’

রোগীর পরিবারের অভিযোগের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল কলকাতা মেডিক্যালের এমএসভিপি অঞ্জন অধিকারীর সঙ্গে। তাঁর বক্তব্য, ‘একটি অভিযোগ এসেছে। এমন ঘটনা সাধারণত হয় না। অক্সিজেন এক জায়গায় জমা থাকে, সেটা নিয়মিত চেক হয়। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে, কোনও খামতির জায়গা নেই। বিষয়টি আমার কানে এসেছে। অভিযোগপত্র জমা পড়েছে। আমরাও একটি তদন্ত কমিটি করে দেখব। সত্যিই যদি কিছু ঘটে থাকে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Follow Us