WB BUDGET: ২০১৮-র পর প্রথমবার, রাজ্যের শিক্ষকদের জন্য বড় ঘোষণা বাজেটে, বাড়ছে টাকা

Budget in West Bengal: আশাকর্মী থেকে সিভিক ভলান্টিয়ার, কাউকেই নিরাশ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের জন্যও রয়েছে উপহার। প্যারাটিচার থেকে শিক্ষাবন্ধু, প্রত্যেকেই একাধিকবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। এবার তাঁদের জন্য করা হল বিশেষ ঘোষণা।

WB BUDGET: ২০১৮-র পর প্রথমবার, রাজ্যের শিক্ষকদের জন্য বড় ঘোষণা বাজেটে, বাড়ছে টাকা
Image Credit source: Getty Image

Feb 05, 2026 | 3:37 PM

কলকাতা: ভোটের আগে রাজ্যের বাজেট যে জনমুখী হবে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন রাজ্যবাসী। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ শুরু করতেই সেই জল্পনা সত্যি হল। একের পর এক বড় ঘোষণা করল রাজ্য সরকার। একদিকে বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকা, অন্যদিকে বাড়ছে ডিএ। সেই সঙ্গে প্যারাটিচারদের জন্যও ঝুলি থেকে উপহার দিল মমতা সরকার।

প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক/সহায়িকা, ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা ২০২৬ সালের এপ্রিল মাস থেকে বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে। আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে তাঁদের ভাতা। এই কর্মীদের মধ্যে কারও ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে তাঁদের নিকট আত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এর জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে।

পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এম‌এসকে, এস‌এসকে কর্মীরা এর আগে শিক্ষা দফতরে অভিযানও চালিয়েছেন। জনমজুরের থেকেও কম বেতন পান বলে সরব হয়েছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ ছিল, ২০১৮ সালের পর থেকে আর কোন‌ও বেতন বাড়েনি সর্বশিক্ষা মিশনের পার্শ্বশিক্ষক-সহ শিক্ষাকর্মীদের। প্রাথমিকে পার্শ্বশিক্ষকরা বেতন পান ১০ হাজার টাকা, সেটা বেড়ে হচ্ছে ১১ হাজার। উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকরা বেতন পান ১৪ হাজার টাকা, সেটা বেড়ে হবে ১৫ হাজার টাকা। শিক্ষাবন্ধুরা ৮০০০ টাকা পান, সেটা বেড়ে ৯ হাজার টাকা হতে চলেছে। এছাড়া আশাকর্মীদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে।