AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Director Utsav missing: উল্টোডাঙায় শেষবার ফোনটা ট্র্যাক করা যায়, ১৬ ঘণ্টা পরও খোঁজ নেই পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের, টলিপাড়ায় উদ্বেগ

Utsav Mukherjee: গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছে উৎসব মুখোপাধ্যায়ের। টলিউডে একাধিক ছবি পরিচালনা ও ছবির স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন উৎসব। 'অপরাজিত' ছবির চিত্রনাট্য তাঁর লেখা। ভীতু, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু-র মতো ছবিতেও চিত্রনাট্য লিখেছেন উৎসব।

Director Utsav missing: উল্টোডাঙায় শেষবার ফোনটা ট্র্যাক করা যায়, ১৬ ঘণ্টা পরও খোঁজ নেই পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের, টলিপাড়ায় উদ্বেগ
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 12:46 PM
Share

কলকাতা: টলিপাড়ায় ফের উদ্বেগ। বৃহস্পতিবার দুপুর থেকে কোনও খোঁজ মিলছে না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। তারপর আর বাড়ি ফেরেননি। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। থানায় হন্য হয়ে ঘুরছেন স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় উৎসবের নিখোঁজ হওয়ার কথাও জানিয়েছেন মৌপিয়া।

কোনওভাবে যোগাযোগ করতে না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় উপস্থিত হন উৎসবের স্ত্রী। পরে কোনও খোঁজ না পাওয়ায় রাতে ফের একবার থানায় যান তিনি। আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে।

কিছুদিন আগে উৎসবের বাবা মারা গিয়েছেন। তাঁরা বর্তমানে আনন্দপুর এলাকায় থাকলেও উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায় তাঁদের একটি বাড়ি ছিল। সেই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে টাকা তোলার জন্য এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি উৎসবের।

উৎসবের স্ত্রী জানান, ফোনে ওটিপি আসার কথা ছিল বলে বাড়িতে নিজের ফোনটা রেখে গিয়েছিলেন তিনি। বাবার একটি পুরনো ফোন সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি। মৌপিয়ার কথায়, বাড়ি থেকে দুপুরে বেরনোর কিছুক্ষণ পর ফোনটি সুইচ অফ পান তিনি। ভেবেছিলেন, চার্জ শেষ হয়ে গিয়েছে। এক প্রযোজকের বাড়িতেও যাওয়ার কথা ছিল পরিচালকের। পরে কোনওভাবেই কোনও যোগাযোগ না হওয়ায় থানায় যান তিনি। সেখান থেকে বাড়ি ফিরেও দেখেন উৎসব ফেরেনি। রাতে আবারও যান থানায়। ইতিমধ্যেই উৎসবের সব বন্ধুদেরও বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী। কোথাও থেকে কোনও খবর পাননি। পুলিশের তরফে জানানো হয়েছে, ফোনটি শেষ ট্র্যাক করা যাচ্ছে উল্টোডাঙা স্টেশনের কাছে।

গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছে উৎসব মুখোপাধ্যায়ের। টলিউডে একাধিক ছবি পরিচালনা ও ছবির স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন উৎসব। ‘অপরাজিত’ ছবির চিত্রনাট্য তাঁর লেখা। ভীতু, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু-র মতো ছবিতেও চিত্রনাট্য লিখেছেন উৎসব।

Follow Us