Arjun Singh: পরিবহনকে ঢেলে সাজানোর পরিকল্পনা, বাস ভাড়া কি বাড়বে? কী জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং?
Arjun Singh at TV9 Bangla Conclave: নতুন সরকারের আমলে গত ১০০ দিনে পর্যটনে কী কী পরিবর্তন এল, কী কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে? এই বিষয়ে অর্জুন জানান, অনেক কাজ আছে, যেগুলো কেন্দ্র ছাড়া হয় না। ৪৯ বছরে এমন সরকার এসেছে, যেখানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করতে পারবে। এক মঞ্চে থেকে এক জায়গা থেকে কাজ পরিকল্পনা নিয়ে এগোবে।

কলকাতা: রাজ বদলের ১০০ দিন। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। টিভি৯ বাংলার কনক্লেভে এসে জানালেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানিয়েছেন, পরিবহনের উন্নতিতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করবে। এছাড়া বাসের ভাড়া থেকে পিঙ্ক কার্ড…এই বিষয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন অর্জুন সিং।
নতুন সরকারের আমলে গত ১০০ দিনে পর্যটনে কী কী পরিবর্তন এল, কী কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে? এই বিষয়ে অর্জুন জানান, অনেক কাজ আছে, যেগুলো কেন্দ্র ছাড়া হয় না। ৪৯ বছরে এমন সরকার এসেছে, যেখানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করতে পারবে। এক মঞ্চে থেকে এক জায়গা থেকে কাজ পরিকল্পনা নিয়ে এগোবে।
বাড়বে বাস ভাড়া?
বাস মালিকরা বারবার ভাড়া বাড়ানোর দাবি করে এসেছেন। দাবি মেনে কি ভাড়া বাড়ানো হবে? আবার ভাড়া বাড়লে যাত্রীরা অসন্তুষ্ট হতে পারে। এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অর্জুন সিং। মন্ত্রী বলেন,”মানুষকে সময়মতো চলতে হয়। আজ রেলের পরিকাঠামো, রেলের পরিবেশ পরিস্থিতি, কত স্টেশন ভালো হয়েছে। কিন্তু, আমি ভাড়া বাড়ালাম না, বা আমি কিছুই নিলাম না, আমি সব করে দেব, আমি জানি না কোথা থেকে টাকা আসবে।” অর্থাৎ উন্নত পরিষেবার জন্য বাসের ভাড়া বাড়ানোর প্রয়োজন বলেই মনে করছেন তিনি।
আর কী বললেন অর্জুন সিং?
অনেকক্ষেত্রে বেসরকারি বাস সংগঠনের তরফে অভিযোগ উঠছে, সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা দেওয়ার জন্য ক্ষতি হচ্ছে। এই বিষয়ে অর্জুন সিং বলেন, “সরকারি বাসের ক্ষেত্রে ভোটের আগে যা ঘোষণা হয়েছে, সেই অনুযায়ী কাজ করেছি। তবে, মহিলাদের যে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে, তার অর্থ কিন্তু আমাদের দফতর সরকারকে দেয়। এটা এমনি হচ্ছে না। তবে, বেসরকারি বাসের ক্ষেত্রে সমস্যা তো হচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই। তবে, এদের যদি বাঁচিয়ে না রাখা হয়, তাহলে শুধু সরকারের উপর নির্ভর করে কোনও পরিষেবা বা কোনও ইন্ডাস্ট্রি চালানো যাবে না।
