Attack on ED: মাথায় চোট নিয়ে হাসপাতালে রাজকুমার রাম, বাকি ২ ইডি আধিকারিক কেমন আছেন?
Attack on ED: আহত তিন আধিকারিকের ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে। এছাড়াও এমআরআই হয়েছে তাদের। সেলাই পড়েছে রাজকুমার রামের। তবে অঙ্কুর গুপ্তা ও সোমনাথ দত্তের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও রাজকুমার রাম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

কলকাতা: শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রমণের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। গুরুতর জখম অবস্থায় রাজকুমার রাম, সোমনাথ দত্ত ও অঙ্কুর গুপ্তা নামের তিন আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,রাজকুমার রামের অবস্থা এখনও গুরুতর। বাকি দু’জন স্থিতিশীল রয়েছেন।
আহত তিন আধিকারিকের ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে। এছাড়াও এমআরআই হয়েছে তাদের। সেলাই পড়েছে রাজকুমার রামের। তবে অঙ্কুর গুপ্তা ও সোমনাথ দত্তের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও রাজকুমার রাম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এ দিকে, আহত ইডি আধিকারিকদের হাসপাতালে দেখতে পৌঁছন বিজেপির তিন বিধায়ক। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরশুরার বিধায়ক বিমান ঘোষ। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তাঁরা। এছাড়াও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা বলেন অ্যাডিশনাল ডিরেক্টর এবং স্পেশাল ডিরেক্টর।
প্রসঙ্গত, গতকাল সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীর জওয়ানরা। যে সময় তাঁরা শাহজাহানের বাড়িতে পৌঁছন সেই সময় দরজা বন্ধ ছিল ভিতর থেকে। শাহজাহানের দেখা মেলেনি। ইডির অফিসাররা ও সিআরপিএফ-এর জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন বাইরে। দরজা খোলার জন্য বলছিলেন। কিন্তু এসবের মধ্যেই মাত্র আধ ঘণ্টার মধ্যে এক দল উন্মত্ত জনতা লাঠি-ইট-পাটকেল নিয়ে ঘিরে ফেলেন ইডির অফিসারদের।
