Sajal Ghosh: গাড়ি নেই, ব্যাঙ্কে কোটি টাকার এফডি করেছেন সজল ঘোষ, স্ত্রীর আয় কত জানেন
BJP Candidate: মনোনয়নে স্ত্রীর আয়ের কথাও উল্লেখ করেছেন সজল ঘোষ। ২০২০-২১ সালে সজলের স্ত্রীর আয় ছিল ৫ লক্ষ ১ হাজার ৯২০ টাকা। তারপর ধাপে ধাপে বেড়েছে সেই আয়। ২০২৩-২৪ অর্থবর্ষে ১০ লক্ষ ৩৯ হাজার ৯২০ টাকা ও ২০২৪-২৫ অর্থবর্ষে ১১ লক্ষ ১৮ হাজার ৭০ টাকা আয় করেছেন তিনি।

কলকাতা: বঙ্গ বিজেপির অন্যতম মুখ সজল ঘোষ। কলকাতা পুরনিগমের কাউন্সিলর হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। এবার বিধানসভা ভোটের ময়দানে এই নেতা। তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত সজল ও তাঁর স্ত্রী। তাঁদের কত সম্পত্তি আছে, জেনে নিন।
সজলের আয় কত?
২০২০-২১ অর্থবর্ষে সজল ঘোষের আয় ৫ লক্ষ ৪ হাজার ৪৭০ টাকা, ২০২১-২২-এও আয় প্রায় একই রকম। ওই বছর তিনি আয় করেছিলেন ৫ লক্ষ ৬৬ হাজার ৪০ টাকা। ঠিক তার পরের বছর সজলের আয় বেড়ে হয় ৭ লক্ষ ৬১ হাজার ৬৮০ টাকা। ২০২৩-২৪ সালে আয় একলাফে বেড়ে হয় ১৪ লক্ষ ৭৭ হাজার ১৪০ টাকা ও ২০২৪-২৫ অর্থবর্ষে সজল আয় করেছেন ১৬ লক্ষ ২০ হাজার ৮৮০ টাকা।
মনোনয়নে স্ত্রীর আয়ের কথাও উল্লেখ করেছেন সজল ঘোষ। ২০২০-২১ সালে সজলের স্ত্রীর আয় ছিল ৫ লক্ষ ১ হাজার ৯২০ টাকা। তারপর ধাপে ধাপে বেড়েছে সেই আয়। ২০২৩-২৪ অর্থবর্ষে ১০ লক্ষ ৩৯ হাজার ৯২০ টাকা ও ২০২৪-২৫ অর্থবর্ষে ১১ লক্ষ ১৮ হাজার ৭০ টাকা আয় করেছেন তিনি।
কোটি টাকার এফডি আছে সজলের
মনোনয়নে উল্লেখ করা তথ্য অনুযায়ী, সজলের হাতে আছে নগদ ৩ লক্ষ ৮৪ হাজার ৭৬৩ টাকা ও তাঁর স্ত্রীর হাতে আছে ২ লক্ষ ২৬ লক্ষ ৫৪০ টাকা। একটি ব্যাঙ্কে ৭ লক্ষ টাকা ও অপর একটি ব্যাঙ্কে হাজার ছয়েক টাকা আছে তাঁর। রয়েছে ১ কোটি টাকা ও ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। তাঁর স্ত্রীরও ১০ লক্ষ এক টাকার এফডি আছে।
সজল মিউচুয়াল ফান্ডে ৪১ হাজার টাকা বিনিয়োগ করেছেন, তাঁর স্ত্রী বিনিয়োগ করেছেন ৩ লক্ষ ৯০ হাজার টাকা। ৫ লক্ষ টাকার এলআইসি আছে সজলের। স্ত্রীর তিনটি এলআইসি আছে, ৩ লক্ষ টাকার, ১০ লক্ষ টাকার ও ৩ লক্ষ টাকার।
কত গাড়ি, সোনা আছে সজল ঘোষের
সজলের কাছে আছে ৩৬ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকার সোনা আর স্ত্রীর কাছে আছে ৫৯ লক্ষ ৪০ হাজার টাকার সোনা। সজলের কোনও গাড়ি নেই, তাঁর স্ত্রীর ৪৭ লক্ষ টাকার একটি ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে। আর কিছু বিনিয়োগের কথাও উল্লেখ করেছেন সজল। সব মিলিয়ে সজল ঘোষের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ১৬১ টাকার। স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ১১ হাজার টাকার।
স্থাবর সম্পত্তিতে সজল ঘোষ তাঁর পৈতৃক বাড়ির কথা উল্লেখ করেছেন। বাবার মৃত্যুর পর সজল ও তাঁর বোনের মধ্যে সেই সম্পত্তি ভাগ হয়ে গিয়েছে। সজলের ভাগে থাকা সম্পত্তির মূল্য ১ কোটি ৮৩ লক্ষ টাকা। সব মিলিয়ে সস্ত্রীক সজলের ৫৬ লক্ষ টাকার ঋণ রয়েছে।
কাউন্সিলর হিসেবে সাম্মানিক পাওয়ার পাশাপাশি ব্যবসা থেকে আয়ের কথা উল্লেখ করেছেন সজল ঘোষ।
