
সুদীপ্ত কংস বণিকের রিপোর্ট
কলকাতা: ভোটের বাংলায় রোজই নিত্যনতুন প্রচার কৌশল নিয়ে হাজির হচ্ছে একাধিক রাজনৈতিক দল। এবার বিশেষ চমক বিজেপির। প্রচার হচ্ছে, তাও আবার কিউআর কোডের মাধ্যমে। ‘PAY2TMC’ পোস্টারে ছয়লাম গোটা কলকাতা। পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেই উঠছে তৃণমূল জমানায় বিভিন্ন চুরি-দুর্নীতির প্রসঙ্গ। একইসঙ্গে মোবাইলে ফুটে উঠছে বিজেপির চার্জশিট, সংকল্পপত্র। সোজা কথায় 5G-র যুগে প্রচারে জোরদার বদল এসেছে ভোটবঙ্গে।
চাঁদনি চক মেট্রো স্টেশনের পাশে একাধিক জায়গায় দেওয়া হয়েছে এই কিউআর পোস্টার। উপরে লেখা ‘PAY2TMC’, তার ঠিক নিচেই লেখা ‘রেশন হোক বা চাকরি, সবসময় তৃণমূলকে দিতেই হবে কাটমানি’। তারপরই রয়েছে কিউআর কোড। তার নিচে লেখা কাটমানি টু তৃণমূল সম্পর্কে বিশদে জানতে স্ক্য়ান করুন। স্ক্যান করলেই দেখা যাচ্ছে বিজেপির প্রকাশ করা চার্জশিট। তৃণমূলের বিরুদ্ধে তাঁদের যে যে অভিযোগ রয়েছে সেগুলি এসে যাচ্ছে সারিবদ্ধভাবে।
কোথাও উঠে আসছে ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ। কোথাও আবার লেখা দুর্নীতি কেড়েছে গরিবের অধিকার, পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬৮৮ কোম্পানি, পরের পাতায় আবার লেখা মহেশতলা থেকে মোথাবাড়ি আর নয় বাড়াবাড়ি। এলাকার এক বাসিন্দা বলছেন, ‘এরকম কাণ্ড তো আজকাল দেখতে পাওয়া যায় না। তাই স্ক্যান করা করেছিলাম। তারপর তো দেখি এই ব্যাপার।’ এদিকে কারা কখন এই পোস্টার লাগিয়ে গেল তা বুঝতে পারছেন না এলাকার দোকানদার থেকে দোকানের কর্মীরা। এলাকারই এক দোকানের কর্মী বলছেন, ‘কারা কখন লাগিয়ে গেল কিছুই দেখতে পাইনি। রাতে যখন ঘুমাতে যাই তখনও ছিল না।’