
কলকাতা: বাংলায় আবার ভোটের দামামা বাজতে শুরু করেছে। সব ঠিক থাকলে নভেম্বর মাসের শেষ লগ্নে কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই প্রার্থীর জন্য ‘ড্রপ বক্স’ বসিয়েছে বিজেপি। ইতিমধ্যেই তাতে অনেকে আবেদন করেছেন। তারপর আবার তৃণমূলের প্রাক্তন কয়েকজন কাউন্সিলর বিজেপির প্রার্থী হবেন কি না সেই নিয়ে জল্পনা চলছে। এই নিয়েই এবার উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। একই সঙ্গে ড্রপবক্সে প্রার্থীদের আবেদন নিয়েও মুখ খুলেছেন তিনি।
প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা ড্রপবক্সে আবেদন করলে সেক্ষেত্রে আপনারা তাঁদের টিকিট দেবেন? সাংবাদিকের এই প্রশ্নেরই উত্তর দেন শমীক। বলেন, “কেউ যদি ড্রপ বক্সে ঝাঁপ মারে তখন তো দেখতে হবে হাত-পা ঠিক আছে কি না। শরীর ঠিক আছে কি না। মাথায় চোট আছে কিনা। তারপর তো এইসব প্রশ্ন আসবে।” তবে, কি বকলমে বিজেপি নেতা বোঝাতে চাইলেন যে, দুর্নীতিগ্রস্ত কোনও তৃণমূলের জায়গা নেই বিজেপিতে? জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এ দিন, ড্রপবক্স নিয়েও কার্যত মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। কাদের প্রার্থী করা হবে, তাও একপ্রকার ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। এ দিন একটু মজার ছলেই বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যা যা দেখার আমরা দেখে নিয়েছি। আরও কিছু দেখব। আর আপনাদের সংবাদ মাধ্যমে খবর দেওয়ার জন্য ড্রপ বক্স তৈরি করতে হয়। যেটা হওয়ার সেটা হয়ে আছে।”