Bomb Scare: আসানসোল-কাটোয়া-কৃষ্ণনগর, সায়নাইড গ্যাস মিশ্রিত আরডিএক্স রাখা! দ্রুত খালি করা হচ্ছে একের পর এক পোস্ট অফিস

Post Office: কলকাতা থেকে জেলার পোস্ট অফিসগুলিতে মেইল করে দ্রুত অফিস খালি করে দেওয়ার কথা বলা হয়। দুপুর ঠিক ১টা ১৫ মিনিটে বিস্ফোরণ হবে বলে হুমকি মেইল পাঠানো হয়। সেখানে বলা আছে, ওই অফিসগুলিতে সায়নাইড মিশ্রিত আরডিএক্স রাখা আছে। তড়িঘড়ি তল্লাশি চালানো হচ্ছে।

Bomb Scare: আসানসোল-কাটোয়া-কৃষ্ণনগর, সায়নাইড গ্যাস মিশ্রিত আরডিএক্স রাখা! দ্রুত খালি করা হচ্ছে একের পর এক পোস্ট অফিস
Image Credit source: TV9 Bangla

Feb 26, 2026 | 1:20 PM

কলকাতা: কলকাতা থেকে জেলা, ভরদুপুরে কার্যত গোটা রাজ্য জুড়ে বোমাতঙ্ক। আদালতের পর এবার পোস্ট অফিসে আতঙ্ক ছড়াল। হুমকি মেইলের জেরে দ্রুত কর্মী ও গ্রাহকদের দফতর থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার ঠিক দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে এই মেইল আসে। কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর- একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়েছে।

গত মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে বোমাতঙ্ক ছড়াতে শুরু করে। রাজ্যের একাধিক আদালতে, এমনকী কলকাতার সিটি সিভিল কোর্টেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিচারকদের একাংশ নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তবে বুধবার সেই আতঙ্ক আরও বাড়ে যখন আবারও একের পর এক আদালতে বোমার হুমকি চিঠি আসে। তবে বৃহস্পতিবারও যেভাবে আতঙ্ক ছড়াতে শুরু করেছে, তাতে আর নিছক হুমকি বলে উড়িয়ে দেওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগে পুলিশ।

এদিন কলকাতার রুবির মোড়ের কাছে পাসপোর্ট অফিসে প্রথমে আতঙ্ক ছড়ায়। সব আধিকারিক ও কর্মীদের দ্রুত বেরিয়ে যেতে বলা হয়। তারপর একে একে পোস্ট অফিসে যায় বার্তা।

চুঁচুড়া

চুঁচুড়া হেড পোস্ট অফিস যেখানে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে এবং শ্রীরামপুর পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। শ্রীরামপুরে পোস্ট অফিস সংলগ্ন একটি স্কুলেও বোমার খবর যায়। অভিভাবকরা দ্রুত তাদের সন্তানদের নিয়ে বাড়ির পথ ধরেন।

পূর্ব বর্ধমান

ই-মেইলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ একটি মেইল করে জানানো হয়, ওই অফিসের ভিতর বোমা রয়েছে। সেটি যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। তাঁরা অফিসে তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে যান।

আরামবাগ

আরামবাগের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। গ্রাহক ও পোস্ট অফিস কর্মীদের বাইরে বের করে দিয়েছে পুলিশ। আরামবাগের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে। শহরের এই মুখ্য ডাকঘরে আধার কার্ডের সংশোধনী ও নতুন আধার কার্ড তৈরি হয়। তাছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চলে।

এছাড়া ব্যারাকপুর, কোচবিহার, বসিরহাট, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া ময়দান সহ একাধিক জায়গায় একইভাবে বোমাতঙ্ক ছড়িয়েছে। তিনদিন ধরে সরকারি দফতরে এভাবে বোমাতঙ্ক ছড়াচ্ছে, তারপরও পুলিশ কি কোনও দিশা পাচ্ছে না? উঠছে প্রশ্ন।