Calcutta High Court: বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বললেন বিচারপতি?

Calcutta High Court on BJP rally: বিধানসভা নির্বাচনে এবার রাজ্যে পরিবর্তন হবে বলে আশাবাদী গেরুয়া শিবির। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রাকে প্রচারের হাতিয়ার করতে সচেষ্ট হয়েছে বঙ্গ বিজেপি। এই পরিবর্তন যাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় নেতা আসবেন।

Calcutta High Court: বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বললেন বিচারপতি?
কলকাতা হাইকোর্ট Image Credit source: সংগৃহিত (Social Media)

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 27, 2026 | 3:43 PM

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই আবহে রাজ্যে পরিবর্তন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আর সেই পরিবর্তন যাত্রায় অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের কাছ থেকে সাড়া ন পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গেরুয়া শিবিরের সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার পরিবর্তন যাত্রার অনুমতি দিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। তবে মানতে হবে একাধিক শর্ত। আবার বিজেপি ১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল। সেখানে ১ ও ২ মার্চ এই যাত্রার অনুমতি দিল হাইকোর্ট।    

এদিন শুনানিতে বিজেপির তরফে কোন জেলায় কোন জায়গায় কবে এই যাত্রা বা মিছিল হবে, তার তালিকা দেওয়া হয় হাইকোর্টকে। বিচারপতি শুভ্রা ঘোষ সেই সূচি দেখে সামগ্রিকভাবে জানিয়ে দেন, ওই নির্দিষ্ট দিনগুলিতে ১০০০ হাজার লোক নিয়ে বেলা ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত ওই মিছিল করতে পারবে বিজেপি। তবে কোথাও যাতে কোনও আইনশৃঙ্খলা জনিত সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে।

এর আগে পুলিশের কাছে পরিবর্তন যাত্রার অনুমতি চেয়ে বিজেপি ২২ ফেব্রুয়ারি আবেদন করেছিল। কিন্তু তার কোনও জবাব পুলিশ দেয়নি। পুলিশের কাছ থেকে জবাব না পেয়ে হাইকোর্টে মামলা করে গেরুয়া শিবির। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার আবেদন করেছিল তারা। তবে এদিন বিচারপতি ২ দিনের পরিবর্তন যাত্রার নির্দেশ দিয়েছেন।

বিধানসভা নির্বাচনে এবার রাজ্যে পরিবর্তন হবে বলে আশাবাদী গেরুয়া শিবির। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রাকে প্রচারের হাতিয়ার করতে সচেষ্ট হয়েছে বঙ্গ বিজেপি। এই পরিবর্তন যাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় নেতা আসবেন। এখন দেখার, আদালতের নির্দেশের পর পরিবর্তন যাত্রা নিয়ে কী রণকৌশল নেয় বিজেপি।