
কলকাতা: কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয়। ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল ৬৬টা জাতি। সূত্রের খবর, সেটা থেকে কমিয়ে ৬৪ করা হল। এবং নতুন করে তালিকায় যুক্ত হল আরও ৭৬টি নতুন জাতি। সব মিলিয়ে জাতির সংখ্যা হল ১৪০।
গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। ওবিসির তালিকায় গলদ থাকার কথা জানিয়ে প্রায় ১২ লক্ষ শংসাপত্র বাতিল করা হয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার।
চলতি বছরের মার্চের মাঝামাঝি সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেছিলেন, রাজ্যে কারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হবেন, তা নিশ্চিত করতে নতুন করে সার্ভে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নতুন করে ওবিসি শংসাপত্রর ভিত্তি খতিয়ে দেখছে। তাতে ৩ মাস সময় লাগবে। জুলাই মাসে পরবর্তী শুনানি হোক। রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, জুলাইয়ে হবে পরবর্তী শুনানি।
এদিকে, কলকাতা হাইকোর্টে আবার নতুন করে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি মামলা হয়েছে। হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুন। কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, হলফনামায় ‘রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’-কে তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, অবিলম্বে সংরক্ষণের সমীক্ষা নিয়ে কমিশনকে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সংশ্লিষ্ট সব বিডিওদেরও নির্দেশ দিতে বলা হয়। যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের কথা বলা হয়েছিল। এই মামলায় ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকে’-ও যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সমীক্ষার কাজ কার্যত সেরে ফেলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। আর এরপরই তৈরি করা হয়েছে নয়া বিধি।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার এদিন মন্ত্রিসভার বৈঠকে তার খসড়া পেশ করে। সূত্রের খবর, বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতির এই খসড়া পেশ করবে রাজ্য।