Congress: শহিদ দিবসে কংগ্রেসের মঞ্চে থাকছে মমতার ছবি, বড় কোনও বার্তা?

Congress July 21 Rally: এবার একুশে জুলাই কলকাতার তিন জায়গায় পালন হবে। বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। আর ঋতব্রতপন্থী তৃণমূল একুশে জুলাই পালন করবে গান্ধী মূর্তির সামনে। কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ হবে শহিদ মিনারে।

Congress: শহিদ দিবসে কংগ্রেসের মঞ্চে থাকছে মমতার ছবি, বড় কোনও বার্তা?
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে কংগ্রেস শহিদ দিবসের মঞ্চেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 20, 2026 | 7:12 AM

কলকাতা: ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের আন্দোলনেই চলেছিল গুলি। ফলে শহিদ দিবস কংগ্রেসও পালন করে। এবার কংগ্রেস শহিদ মিনারে একুশে জুলাই পালন করছে। আর তাৎপর্যপূর্ণভাবে এবার কংগ্রেসের মঞ্চে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। হঠাৎ মমতার ছবি কেন স্থান পাবে কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে? কারণ অবশ্য ব্যাখ্যা করলেন কংগ্রেসের নেতারা।

এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই পালন নিয়েই রাজনৈতিক মহলে বাড়তি উৎসাহ দেখা যেত। এবার একুশে জুলাই কলকাতার তিন জায়গায় পালন হবে। বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। আর ঋতব্রতপন্থী তৃণমূল একুশে জুলাই পালন করবে গান্ধী মূর্তির সামনে। কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ হবে শহিদ মিনারে। ঋতব্রতপন্থী তৃণমূল স্পষ্ট করে দিয়েছে, তাদের মঞ্চে মমতার ছবি থাকবে না। তাহলে কংগ্রেসের মঞ্চে কেন থাকছে মমতার ছবি? মমতাকে কি বড় কোনও বার্তা দিচ্ছে কংগ্রেস?

কংগ্রেস নেতারা অবশ্য বলছেন, মমতার বর্তমান কোনও ছবি তাঁদের মঞ্চে থাকবে না। আন্দোলনের সেই সময়ের ছবি থাকবে। সেখানে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিনের ছবিও। কিন্তু মমতা কেন? প্রদেশ নেতৃত্বের মত, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের সাক্ষ্য বহন করেন। সেই আন্দোলনের ইতিহাসের সঙ্গে তাঁর নাম জড়িয়ে। সেই ইতিহাসকে অগ্রাহ‌্য করা যায় না। অস্বীকার করা যায় না সেইদিনের আন্দোলনকে। মমতার ছবি যেমন মঞ্চে থাকছে, তেমনই কংগ্রেস কাঠগড়ায় তুলছে তৎকালীন রাজ্যের স্বরাষ্ট্র সচিব মণীশ গুপ্তকে। যিনি পরে মমতার মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন।

রবিবার শহিদ মিনারে সমাবেশের প্রস্তুতি কেমন অবস্থায় রয়েছে, তা সরেজমিনে দেখেন প্রদেশ কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক প্রকাশ জোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়রা। মঞ্চ দুটো ভাগে তৈরি হচ্ছে। মূল মঞ্চে রাজ‌্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে থাকবেন শহিদ পরিবার। দ্বিতীয় মঞ্চে থাকবেন জেলা নেতৃত্ব। স্টেজের ব্যাকড্রপে যে পোস্টার থাকবে, তাতে কারও ছবি থাকছে না। শুধু লেখা থাকবে একুশে জুলাই শহিদ স্মরণ কথাটি। কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের দাবি, সে সময়ের শহিদদের একাধিক পরিবারের সদস‌্য কর্মসূচির দিন তাঁদের মঞ্চে থাকবেন।

Follow Us