Sandeshkhali: সন্দেশখালিতে কী চলছে, সব নজরে রাখছে নির্বাচন কমিশন, প্রতিদিন তৈরি হচ্ছে রিপোর্ট

Sandeshkhali: আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) কলকাতা-সহ দুই চব্বিশ পরগনার সঙ্গে বিশেষ বৈঠক রয়েছে কমিশনের। সূত্রের খবর, সেখানেও উঠতে পারে সন্দেশখালির প্রসঙ্গ। এখনও পর্যন্ত কমিশনের যা ভাবনা, তাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এলাকা টহলদারির উপরেও বিশেষ জোর দিতে চাইছে কমিশন।

Sandeshkhali: সন্দেশখালিতে কী চলছে, সব নজরে রাখছে নির্বাচন কমিশন, প্রতিদিন তৈরি হচ্ছে রিপোর্ট
জাতীয় নির্বাচন কমিশনImage Credit source: TV9 Network

| Edited By: Soumya Saha

Feb 22, 2024 | 11:29 PM

কলকাতা: সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতির উপর টানা নজর রেখে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সন্দেশখালিতে কী চলছে, সেই বিষয়ে প্রতিদিন রিপোর্ট তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের সিইও-র দফতর সেই রিপোর্ট পাঠাচ্ছে দিল্লিতে। কমিশন সূত্রে তেমনই জানা যাচ্ছে। বৃহস্পতিবারও সিআরপিএফ-এর নোডাল অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন নির্বাচন কমিশনের সিইও। আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) কলকাতা-সহ দুই চব্বিশ পরগনার সঙ্গে বিশেষ বৈঠক রয়েছে কমিশনের। সূত্রের খবর, সেখানেও উঠতে পারে সন্দেশখালির প্রসঙ্গ। এখনও পর্যন্ত কমিশনের যা ভাবনা, তাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এলাকা টহলদারির উপরেও বিশেষ জোর দিতে চাইছে কমিশন।

লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। বাংলার উপর সামগ্রিকভাবেই বাড়তি নজর রাখছে কমিশন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য বাংলাতেই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। কমিশনের যা ভাবনা, তাতে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখতে চাইছে কমিশন। প্রসঙ্গত, গত ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনাতেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা অনেকটা বেশি। উনিশের লোকসভা ভোটে  ৭৪০ কোম্পানি বাহিনী এসেছিল বাংলায়। এবার আরও বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আনতে চাইছে কমিশন।

উল্লেখ্য, কমিশন সূত্রে এও জানা যাচ্ছে, লোকসভা ভোটের অনেকটা আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যেতে পারে। জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকেই কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বাংলায়। সাধারণ ভোটারদের মনে আস্থা বাড়াতেই আগেভাগে এই বাহিনী আনতে চাইছে কমিশন, সূত্রের খবর তেমনই।

Follow Us