Municipality Election: ডিসেম্বরের মধ্যে বাংলায় আবার ভোট, আপনার এলাকা কি তালিকায় আছে?
Election in Bengal: বুধবার জেলাশাসক ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠক হওয়ার কথা। পুরভোটে কোনও অশান্তির আশঙ্কা থাকছে না বলে আত্মবিশ্বাসী অগ্নিমিত্রা। তিনি বলেন, এটা মোদীর সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার। কোনও রক্তক্ষয় হবে না। মানুষ এমনিই ভোট দেবে।

কলকাতা: ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরনিগমের নির্বাচন সম্পন্ন করতে হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তৎপরতা পৌঁছল একেবারে চরম পর্যায়ে। ৭ ডিসেম্বরের মধ্যে ভোট শেষ করতে দফায় দফায় বসছে বৈঠক। সবরকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কোথায় কোথায় হবে ভোট
কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং, ঝাড়গ্রামে হচ্ছে পুরভোট। বুধবার এই নিয়েই জেলাশাসকদের বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। সব জেলার জেলাশাসক সহ পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা থাকছেন বৈঠকে।
ফের নাম বাদ পড়ার আশঙ্কা
বিধানসভা নির্বাচনের পর পুরভোটেও ফের একাধিক নাম বাদ পড়ার আশঙ্কা। কারণ, এসআইআর হওয়ার পর যখন বিধানসভা নির্বাচন হয়, তখন কয়েকলক্ষ নাম বিচারাধীন ছিল। ট্রাইবুনাল তৈরি করে সেই সব বাদ পড়া নামের নিষ্পত্তি করার প্রক্রিয়া এখনও চলছে। বহু নাম এখনও বিচারাধীন। কমিশন ঠিক করেছে, গত ১ জুলাই যে ফাইনাল রোল প্রকাশ হয়েছে, তার উপর নির্ভর করেই হবে পুরভোটের ভোটার তালিকা। সাধারণত জুলাই মাসের পর অক্টোবরে ফের একবার রোল প্রকাশিত হয়। কিন্তু অক্টোবর আসতে অনেক দেরি, তাই জুলাই মাসের রোল অনুযায়ীই ভোট হবে।
পুরভোটে কোনও অশান্তির আশঙ্কা থাকছে না বলে আত্মবিশ্বাসী পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “এটা মোদীর সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার। কোনও রক্তক্ষয় হবে না। মানুষ এমনিই ভোট দেবে।”
