
কলকাতা: বাঙালি আবেগের কথা মাথায় রেখে ২৫ বৈশাখ দিনটিকেই সরকার গঠনের জন্য বাছতে পারে বিজেপি। আগামী ৯ মে, শনিবারই ২৫ বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী। সেদিনই বাংলায় নতুন মুখ্যমন্ত্রী (WB New CM) শপথ নিতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হতে পারে। রাজ্যের সরকারের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সরকার গঠন হবে না। তখন কে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী?
নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ৬ মে গ্যাজেট নোটিফিকেশন নিয়ে রাজ্যপালের কাছে যাবেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরহওয়াল। কিন্তু তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে সেই আসন ফাঁকা থাকবে দুদিনের জন্য। ফলে তৈরি হতে পারে সাংবিধানিক সঙ্কট। তাই রাজ্যপাল নতুন সরকার গঠন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই কেয়ার টেকার মুখ্যমন্ত্রী হিসেবে থাকার অনুরোধ করতে পারেন। তবেই ২৫ বৈশাখ শপথ গ্রহণ সম্ভব হবে।
মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সেই নিয়ে চলছে আলোচনা। একাধিক নামও সামনে আসছে। এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে আজই কলকাতায় আসছেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। রাজনাথ সিং-কে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। কলকাতায় আসার কথা রয়েছে অমিত শাহেরও। জানা গিয়েছে, বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বসবেন রাজনাথ।