Humayun Kabir: সিপিএমকে শূন্য থেকে শাসকদলে পরিণত করার আশ্বাস, এবার হেলিকপ্টারে প্রচার সারলেন হুমায়ুন

Humayun Kabir: আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম, আইএসএফ-এর সঙ্গে তিনি জোট করতে ইচ্ছুক হুমায়ুন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমের সঙ্গে বৈঠক করেছেন। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে আলোচনার ভার সিপিএমের উপরেই ছেড়েছেন তিনি।

Humayun Kabir: সিপিএমকে শূন্য থেকে শাসকদলে পরিণত করার আশ্বাস, এবার হেলিকপ্টারে প্রচার সারলেন হুমায়ুন
হুমায়ুন কবীর, জনতা পার্টির প্রধানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2026 | 5:42 PM

কলকাতা: কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্য রাজনীতিতে সে খবর তোলপাড় ফেলেছে। নতুন কোনও সমীকরণের প্রতীক্ষায় রয়েছে বাংলা। সেই আবহেই তিনি আবার দেখা করতে যাবেন মিমের প্রধান আসাউদ্দিন ওয়েইসির সঙ্গে। আগেই অবশ্য আসাদউদ্দিন ওয়েইসির দলের এক নেতার সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র প্রধান হুয়ায়ুন কবীরকে নিয়ে। এবারের নির্বাচনে তিনি ১০০-র বেশি আসন পাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর তাঁর প্রচারেও থাকছে চমক।

এবার হেলিকপ্টারে প্রচার করবেন হুমায়ুন। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবীর বলেন, “আমি ওখানে দু’মাসের জন্য  হেলিকপ্টারে প্রচার করব। জোট প্রার্থীদের হয়েও প্রচারে যাব।” তিনি জানান, বেলডাঙা থেকে থাই হেলিপ্যাড তৈরি হচ্ছে। স্ট্যান্ড বাই হেলিকপ্টার থাকবে। উল্লেখ্য, ২০১১ সালে বাংলার আকাশে হেলিকপ্টার উড়েছিল নির্বাচনের প্রাক্কালে। সে সময়ে তৃণমূলের সমর্থনে হেলিকপ্টারের টাকা দিয়েছিল কংগ্রেস। কিন্তু হুমায়ুনকে কে টাকা দিচ্ছেন, কবীর স্পষ্ট করলেন না। বললেন, “যতই খোঁচান, সেটা আমি এখনই বলব না।” ওয়েইসি-র সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে যাবেন বলেও জানালেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম, আইএসএফ-এর সঙ্গে তিনি জোট করতে ইচ্ছুক হুমায়ুন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমের সঙ্গে বৈঠক করেছেন। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে আলোচনার ভার সিপিএমের উপরেই ছেড়েছেন তিনি। মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে বঙ্গ রাজনীতিতে একাধিক সমীকরণ তৈরি করা হয়েছে। এমনও প্রশ্ন উঠছে, মহম্মদ সেলিম নাকি কেবল একটি আসন জেতার জন্যই এই পদক্ষেপ করছেন? প্রশ্নটা সাংবাদিক করার আগেই হুমায়ুন উত্থাপন করেন।

হুমায়ুন কবীর বলেন, “সেলিম সাহেবকে আমি নিজে বলেছি, মুর্শিদাবাদে একটা সিটে দাঁড়াতে হবে। মানুষ ভোট যাতে দেয়, আমি দেখব। উনি রাজি হননি এখনও পর্যন্ত।  আমি তো রানিনগরে ড. হুমায়ুন কবীরকে প্রার্থী করেছি। যদি সেলিম সাহেব দাঁড়ান, আমি সেই আসন ছেড়ে দেব। কিন্তু সেলিম সাহেব এখনও আমাকে আশ্বস্ত করেননি।” আদৌ জোট হবে কি হবে না, সেই বিষয়টা নিজেও নিশ্চিত করে বলতে পারেননি হুমায়ুন। । সেলিম জোটের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। তিনি জানান, হুমায়ুনের মন বুঝতে গিয়েছিলেন।

যদিও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘যদি সঙ্গ দেয়, তাহলে ভাল। যে কংগ্রেস, যে সিপিএম শূন্য রয়েছে, আগামী দিনে শাসকদলে পরিণত হবে।” কিন্তু এ প্রসঙ্গেই সুজন চক্রবর্তীর ‘ছুতমার্গে’র কটাক্ষও করেন তিনি। হুমায়ুনের বক্তব্য, ”
এক কমিউনিস্ট বসতে আসছেন, আরেক জনের গোঁসা হচ্ছে। আমার জেলায় আরএসপি-র কোনও অস্তিত্ব নেই। সেলিমবাবু মনে করেছেন, ২০২১ সালে যে জোট করেছিলেন, সেটা ফলপ্রসূ হয়নি।  আগামী দিনে দলকে ঊর্ধ্বমুখী করতে হয়, তাহলে এক হতে হবে।” কথা প্রসঙ্গেই হুমায়ুন জানিয়ে রাখলেন, ছাব্বিশের নির্বাচনে ১০০-র বেশি আসন পাবেন তিনি। রাজনীতি সম্ভাবনাময়। আর সেই সম্ভাবনা যদি সত্যি হয়, তা দেখার জন্য হুমায়ুনের ওপর নজর রাখতে সাংবাদিকদের পরামর্শ দিলেন কবীর।