Kalyan Banerjee-Priyanka Gandhi: ‘দিদিকে তো তাড়িয়ে দিয়েছিলেন…’, প্রিয়াঙ্কার খোঁচা শুনেই হঠাৎ পুরনো কথা মনে করালেন কল্যাণ
Kalyan Banerjee Protest: ২০ জন সাংসদ, যাঁরা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ হিসেবে এনসিপিআই-এর সঙ্গে মিশে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধেই বিক্ষোভ কল্যাণের। সংসদে ঢুকতে পারবেন না, তাই সংসদ চত্বরে দাঁড়িয়েই দেখাচ্ছেন বিক্ষোভ। কাকলি-সুদীপ-সায়নীদের 'গদ্দার' বলে বিক্ষোভ দেখাচ্ছেন তিনি। সেই সময়ই পাশে গিয়ে দাঁড়ালেন প্রিয়ঙ্কা।

নয়া দিল্লি: দিনকয়েক আগে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) পুরো অধিবেশন থেকে সাসপেন্ড করেন স্পিকার, তারপর রাহুল গান্ধীরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সাসপেনশন তোলার দাবি নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন খোদ রাহুল গান্ধী। আর আজ, বৃহস্পতিবার যখন সংসদ চত্বরে যখন একা একা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রীরামপুরের সাংসদ, তখনও তাঁর পাশে দাঁড়াতে দেখা গেল প্রিয়ঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi)। হাসিমুখে কল্যাণকে খোঁচাও দিলেন প্রিয়াঙ্কা। পুরনো কথা মনে করিয়ে জবাব দিতে ছাড়লেন না কল্যাণ।
কেন বিক্ষোভ কল্যাণের
২০ জন সাংসদ, যাঁরা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ হিসেবে এনসিপিআই-এর সঙ্গে মিশে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধেই বিক্ষোভ কল্যাণের। সংসদে ঢুকতে পারবেন না, তাই সংসদ চত্বরে দাঁড়িয়েই দেখাচ্ছেন বিক্ষোভ। কাকলি-সুদীপ-সায়নীদের ‘গদ্দার’ বলে বিক্ষোভ দেখাচ্ছেন তিনি। সেই সময়ই পাশে গিয়ে দাঁড়ালেন প্রিয়ঙ্কা।
‘দিদিকে তো তাড়িয়ে দিয়েছিলেন…!’ যেভাবে এগোল কথোপকথন
প্রিয়াঙ্কা: কিছু লোকজন আমাদের দল থেকে আপনাদের দলে গিয়েছিল। আবার আপনার দল থেকে ওখানে যাচ্ছে।
কল্যাণ: এরা (২০ জন সাংসদ) তো আমাদের টিকিটে জিতেছে। আপনাদের টিকিটে তো কেউ জিতে পার্লামেন্টে আসেনি।
প্রিয়াঙ্কা: ছিল তো কংগ্রেসই।
কল্যাণ: সে তো আমিও কংগ্রেস ছিলাম। ছাড়ুন না। আমি যুব কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট ছিলাম। আপনারা তো দিদিকে তাড়িয়ে দিয়েছিলেন। সেটা বলুন। দিদিকে না তাড়ালে কি আপনাদের এমন হত?
প্রিয়াঙ্কা: দিদিকে রাজীবজি খুব পছন্দ করতেন।
কল্যাণ: আমি জানি। রাজীব জি দিদিকে সম্মান দিতেন, খুব ভালোবাসতেন। আমাদের বিরোধ তো সিপিএমের সঙ্গে ছিল। কংগ্রেসের সঙ্গে সিপিএম এক হয়ে গিয়েছিল।
তবে কথোপকথন যেমনই হোক না কেন, আদতে এদিন সংসদ চত্বরে যে ছবি দেখা গেল, তাতে ইন্ডিয়া জোটের ঐক্য প্রতিফলিত হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন পাশে দাঁড়িয়ে কল্যাণকে নীরব সমর্থন জানিয়ে গেলেন প্রিয়ঙ্কা গান্ধী।
