Heavy Rain In Kolkata: ফিরল স্মৃতি! কলকাতায় আবারও ‘মেঘভাঙা বৃষ্টি’, বানভাসি উত্তর থেকে দক্ষিণ…
Kolkata Heavy Rain: জল জমা সামলাতে পাম্পিং স্টেশনগুলো পুরোদমে চালানো হলেও দ্রুত জল নামার কোনো আশা দেখছেন না নিকাশি বিভাগের আধিকারিকরা। পুরসভার মেয়াদ শেষ হওয়া এবং প্রশাসনিক দূরদর্শিতার অভাবে এই দুর্যোগে নাগরিক পরিষেবা পুরোপুরি ব্যাহত হচ্ছে।

কলকাতা: গত বছরের সেপ্টেম্বরের স্মৃতি ফিরিয়ে অগাস্টেই নজিরবিহীন ‘মেঘভাঙা বৃষ্টিতে’ বিপর্যস্ত তিলোত্তমা। একটানা অতিবর্ষণে ভেসে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা, যার প্রভাব পড়েছে উত্তর শহরতলিতেও। জমা জলে অলিগলি থেকে মূল সড়ক— সর্বত্রই জনজীবন স্তব্ধ। বহু বাসাবাড়িতে জল ঢুকে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
পুরসভার নিকাশি পাম্পিং স্টেশনের তথ্য অনুযায়ী, মাত্র এক ঘণ্টার এই ভারী বৃষ্টিপাতে ‘ক্লাউড বার্স্ট’-এর স্পষ্ট ইঙ্গিত মিলেছে। শুধুমাত্র বেলগাছিয়া পাম্পিং স্টেশন এলাকায় ১ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় ১০০ মিমি, উল্টোডাঙ্গা ও দত্ত বাগান এলাকায় প্রায় ১০০ মিমি, বীরপাড়ায় ৯০ মিমি এবং মানিকতলায় ৮০ মিমি বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে আরজি কর ট্রমা কেয়ার সেন্টারের সামনে হাঁটু সমান জল জমে গিয়েছে। এছাড়া মানিকতলা, শ্যামবাজার, আহিরীটোলা, টালা ও দেশবন্ধু পার্কের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো থই থই করছে।
পাম্পিং স্টেশনগুলো পুরোদমে চালানো হলেও দ্রুত জল নামার কোনও আশা দেখছেন না নিকাশি বিভাগের আধিকারিকরা। পুরসভার মেয়াদ শেষ হওয়া এবং প্রশাসনিক দূরদর্শিতার অভাবে এই দুর্যোগে নাগরিক পরিষেবা পুরোপুরি ব্যাহত হচ্ছে।
