Kolkata Metro: এক বছর পর ভিক্টোরিয়ার কাছে মাটির তলা বেরিয়ে এল ‘দুর্গা’, উচ্ছ্বসিত মেট্রো কর্মীরা
Metro Work: প্রথম পর্যায়ে খিদিরপুর থেকে প্রায় ১.৭ কিলোমিটার ভূগর্ভে খনন করতে করতে ভিক্টোরিয়া পৌঁছেছে মেশিনটি। ওই অংশে ভূগর্ভের উপরে রয়েছে ফোর্ট উইলিয়াম, পুলিশ ট্রেনিং স্কুলের মতো ঐতিহ্যশালী ভবন। সেগুলির কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এইচডিবিএম পৌঁছেছে ভিক্টোরিয়া পর্যন্ত।

কলকাতা: ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দুর্গা’। আজ মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে বৃহত্তম টানেল বোরিং মেশিনটি। কলকাতার মেট্রো (Kolkata Metro) সম্প্রসারণের কাজে বড় ভূমিকা রয়েছে এই মেশিনের। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের ভূগর্ভস্থ অংশে দ্রুতগতিতে এগোচ্ছে টানেল তৈরির কাজ। আদিগঙ্গার তলা দিয়ে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ সুড়ঙ্গ খনন করতে করতে ভিক্টোরিয়ায় পৌঁছেছে।
প্রথম পর্যায়ে খিদিরপুর থেকে প্রায় ১.৭ কিলোমিটার ভূগর্ভে খনন করতে করতে ভিক্টোরিয়া পৌঁছেছে মেশিনটি। ওই অংশে ভূগর্ভের উপরে রয়েছে ফোর্ট উইলিয়াম, পুলিশ ট্রেনিং স্কুলের মতো ঐতিহ্যশালী ভবন। সেগুলির কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এইচডিবিএম পৌঁছেছে ভিক্টোরিয়া পর্যন্ত।
খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল তৈরি করছে দুই শক্তিশালী টানেল বোরিং মেশিন‘দুর্গা’ ও ‘দিব্যা’। ‘দুর্গা’ TBM পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছে এবং ইতিমধ্যেই ভিক্টোরিয়া এলাকায় পৌঁছেছে। অন্যদিকে ‘দিব্যা’ কাজ করছে জোকামুখী লাইনে। প্রায় ৯৫ মিটার দীর্ঘ ও ৬০০ টনেরও বেশি ওজনের এই আধুনিক টিবিএমগুলি মাটির প্রায় ১৭ মিটার নিচে সুড়ঙ্গ খননের কাজ করছে।
নতুন প্রজন্মের এই মেশিনগুলিতে রয়েছে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা। কলকাতার মাটির নীচে নিরাপদে, কোনও ক্ষয়ক্ষতি না করেই দ্রুত টানেল নির্মাণ করতে পারে এটি। গত বছরের ১০ জুলাই টানেল বোরিং মেশিন “দুর্গা” কাজ শুরু করেছিল।
