CJP Kolkata: ‘একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে’, সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের পর কলকাতায় ‘ককরোচ’দের সদস্যের ভিডিয়ো বার্তা! কী বললেন?
CJP Kolkata protest: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক থেকে সরানো হয়েছে সচিবকে। মধ্যরাতে অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি থাকবে বলে CJP তাদের অবস্থান স্পষ্ট করেছে।

কলকাতা: নিট প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল দেশ। ২৬ দিন পর মধ্যরাতে অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। দোষীদের শাস্তি দিতে প্রধানমন্ত্রী তৈরি করেছেন ফাস্ট ট্র্যাক আদালত। তবে নিজেদের অবস্থানে অনড় CJP। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে তাঁরা যে আন্দোলন চালিয়ে যাবেন, তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। এবার আন্দোলনকে কলকাতায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা ‘ককরোচ’দের। শুক্রবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে জয়েন্ট সিপি-র কাছে আবেদন জানানো হয়েছিল। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, লালবাজারের পক্ষ থেকে কোনওরকম কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। ফলে কলকাতায় মিছিল করতে পারছে না CJP।
মধ্যরাতে একটি ভিডিয়ো করেন ককরোচ জনতা পার্টির কলকাতার সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “একটা মিস কমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোথাও কোথাও ভুল বার্তা যাচ্ছে। তাই এত রাতে ভিডিয়োটি করছি। আমাদের কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিলটা করার কথা ছিল, সেটা কল অফ করতে বাধ্য হচ্ছি। কারণ সেটায় পুলিশ অনুমতি দেয়নি। কিন্তু শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হচ্ছে। আমাদের পেজ থেকে তাই বলা হয়েছে, যাঁরা যাঁরা যেতে ইচ্ছুক, তাঁরা যেতে পারেন। তবে সেখানে ককরোচ জনতা পার্টি, কলকাতার ব্যানার নিয়ে থাকছে না কেউ।”
এদিনই বাম ছাত্র সংগঠন ও ছাত্র সমাজের ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল রয়েছে। দুপুর আড়াইটে থেকে সেই মিছিল শুরু হওয়ার কথা। সেখানে স্টুডেন্টস অফ বেঙ্গল নামে একটি সংগঠনেরও সামিল হওয়ার কথা। সেই সংগঠনের মিছিলকেই সমর্থন করবে CJP। অর্থাৎ তাঁদের আলাদা করে যে মিছিল করার কথা ছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল তাঁরা করবেন না।
পাশাপাশি বাম ছাত্র সংগঠন ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচিও নিয়েছে। মহামিছিলের ডাক দিয়েছে ৮টি বামপন্থী ছাত্র সংগঠন। ইতিমধ্যেই নিট প্রশ্নফাঁস নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক থেকে সরানো হয়েছে সচিবকে। মধ্যরাতে অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি থাকবে বলে CJP তাদের অবস্থান স্পষ্ট করেছে।
