Kolkata Police: ভোল বদলে যাচ্ছে থানার? বড় উদ্যোগ কলকাতা পুলিশের

Kolkata: কলকাতা পুলিশ সূত্রে খবর, যে সব থানায় ঢোকার রাস্তা খুব বেশি চওড়া নয়,অথবা থানার বিল্ডিং ফুটপাত লাগোয়া সেক্ষেত্রে পাকাপাকি ঢালাই র‍্যাম্প নয়। লোহা দিয়ে মুভেবেল র‍্যাম্প বানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে ব্যবহার হবে, অন্যথায় সরিয়ে রাখা যাবে।

Kolkata Police: ভোল বদলে যাচ্ছে থানার? বড় উদ্যোগ কলকাতা পুলিশের
বদলে যাচ্ছে থানা?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 11, 2026 | 7:32 PM

কলকাতা: শুধু সুরক্ষা নয়, কলকাতার নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও পরিষেবার স্বচ্ছতার দিকেও এবার নজর বাড়াচ্ছে কলকাতা পুলিশ। শহরের প্রতিটি থানার প্রবেশপথে র‍্যাম্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি থানায় এই ব্যবস্থা থাকলেও, অধিকাংশ থানায় এখনও র‍্যাম্প নেই। ফলে বিশেষ ভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকরা অভিযোগ বা সমস্যার কথা জানাতে থানায় এলে ভিতরে ঢুকতে সমস্যায় পড়েন। সেই অসুবিধা দূর করতেই এই পদক্ষেপ। ইতিমধ্যে থানায় থানায় শুরু হয়েছে র‍্যাম্প তৈরির কাজ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, যে সব থানায় ঢোকার রাস্তা খুব বেশি চওড়া নয়,অথবা থানার বিল্ডিং ফুটপাত লাগোয়া সেক্ষেত্রে পাকাপাকি ঢালাই র‍্যাম্প নয়। লোহা দিয়ে মুভেবেল র‍্যাম্প বানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে ব্যবহার হবে, অন্যথায় সরিয়ে রাখা যাবে। শুধু র‍্যাম্প নয়, প্রতিটি থানায় হুইলচেয়ার রাখারও পরিকল্পনা করা হচ্ছে বলেও লালবাজার সূত্রের খবর।

একই সঙ্গে থানার ভিতরের স্বচ্ছতা নিশ্চিত করতে আরও এক ধাপ এগোচ্ছে কলকাতা পুলিশ। শহরের প্রত্যেক থানায় কর্তব্যরত পুলিশ কর্মী, বিশেষ করে ডিউটি অফিসারদের ক্ষেত্রে বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে। থানায় আগত নাগরিকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হচ্ছে, তা সরাসরি ক্যামেরায় ধরা থাকবে। যদিও থানায় থানায় ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবু বডি ক্যামেরার উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ। কারণ, অত্যাধুনিক এই বডি ক্যামেরাগুলিতে ভিডিয়ো ও অডিয়ো দুটিই রেকর্ড হয়। কোনও অভিযোগ উঠলে ঘটনার সত্যতা যাচাই করা অনেকটাই সহজ হবে বলেই মনে করছেন কর্তারা।

পুলিশ ও নাগরিক, উভয়ের ক্ষেত্রেই এতে স্বচ্ছতা আরও বাড়বে। সূত্রের খবর, কয়েক মাস আগেই প্রায় ২৫০০টি বডি ক্যামেরা কেনার প্রস্তাব পাঠানো হয়েছিল লালবাজারের তরফে। পুরো থানা যাতে পরিবেশ বান্ধব হয় তারই চেষ্টা চলছে।