Lalbazar: কলকাতা পুলিশের ২ আধিকারিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ লালবাজারের
Kolkata Police DCs Suspended: ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের আমলের মতো পুলিশের হাত পা বাঁধা হবে না। অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট নির্দেশ, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও কোনও অশান্তি বা গন্ডগোলের ঘটনায় পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। পরিস্থিতি অনুযায়ী ‘ডু ইট নাউ’ নীতি মেনে আইনগত ব্যবস্থা নিতে হবে।

কলকাতা: অপরাধ দমনে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে পুলিশও কোনও আইনভঙ্গ করলে যে ছাড় পাবেন না, তা বুঝিয়ে দিল লালবাজার। পুলিশের নিয়ম ভঙ্গের জন্য কলকাতা পুলিশের দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল লালবাজার। কলকাতা পুলিশের দুই ডিসি-কে সাসপেন্ড করা হল। ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাস এবং ডিসি নর্থ-৩ বিধান সাহাকে শুক্রবার সাসপেন্ড করল লালবাজার।
কেন সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের দুই আধিকারিককে?
লালবাজার সূত্রে খবর, ২০২৫ সালে সোশ্যাল মিডিয়াতে বির্তকিত কিছু পোস্ট করেছিলেন এই দুই পুলিশ আধিকারিক। সেই পোস্ট সেই সময় লালবাজারের নজরে আসেনি। সম্প্রতি দুই পুলিশ আধিকারিকের পুরনো সেই পোস্ট নজরে আসে। লালবাজারের বক্তব্য, বিধান সাহা এবং পার্থপ্রতিম দাস সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট করেছিলেন, তা পুলিশের নিয়ম ভঙ্গ করেছে। কর্মরত অবস্থায় একজন পুলিশকর্মী ওই ধরনের পোস্ট করতে পারেন না। তাই দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের আমলের মতো পুলিশের হাত পা বাঁধা হবে না। অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট নির্দেশ, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও কোনও অশান্তি বা গন্ডগোলের ঘটনায় পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। পরিস্থিতি অনুযায়ী ‘ডু ইট নাউ’ (তাৎক্ষণিক পদক্ষেপ) নীতি মেনে আইনগত ব্যবস্থা নিতে হবে।
একইসঙ্গে বারুইপুরকাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশের কাজে ১ শতাংশ শিথিলতা থাকলেও কঠোর পদক্ষেপ করা হবে। অর্থাৎ পুলিশকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আইনশৃঙ্খলা রক্ষায় কোনও আপোস নয়। সেখানে শিথিলতা দেখালে ব্যবস্থা নেওয়া হবে। এদিন লালবাজার দুই আধিকারিককে সাসপেন্ড করার আগে আরজি করকাণ্ডে তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগে রাজ্যের তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে শুভেন্দু সরকার।
