
কলকাতা: ভোটের আগে জমি দখল সংক্রান্ত মামলায় ইডি-র নজরে দেবাশিস কুমার। সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। জানা যাচ্ছে, গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশতই দেবাশিসকে তলব করা হয়েছে।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এসব হচ্ছে অসহায়তার প্রমাণ। হেরে যাবে, তার আগে শেষ প্রচেষ্টা। নির্বাচনের আগে ইডি-সিবিআই- কমিশন সবাইকে কাজে লাগাতে চাইছে।”
বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেই এই সব তদন্ত চলছে। কারা রাজনৈতিভাবে কোথায় কখন বিরোধিতা করেছেন, কারা চুরি করেছেন, সেটা মানুষ জানেন, কোর্টও জানে। যদি কিছু বলার থাকে, তাহলে আদালতে গিয়ে বলুক।”
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতি-সক্রিয়তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বেশ উত্তপ্ত। তৃণমূলের অভিযোগ, প্রতিবারই নির্বাচনের আগে এইভাবে তদন্তকারী সংস্থাগুলোকে কাজে লাগানো হয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। এর আগে আই প্যাকের অফিসে ইডি-র তল্লাশি ঘিরেও ব্যাপক তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি।