
কলকাতা: ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও অবধি তৃণমূল ছাড়া আর কোনও দলই প্রার্থী দিতে পারেনি। এ কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বলছে, অভিষেকের বিরুদ্ধে মুখ খুঁজে পাচ্ছে না বিরোধীরা, অনেকেই এ কেন্দ্রে লড়তে চাইছেন না বলেও শোনা যাচ্ছে। তবে কারণ যাই হোক বাকিরা প্রার্থী না দেওয়ায় তৃণমূল এখন ফাঁকা ময়দানে প্রচার করছে। দোলের পরই বুধবার থেকে ডায়মন্ড হারবারে ভোটের প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রচারের আগে সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠকও করবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
আগামী ২৭, ২৮ এবং ২৯ তারিখ আমতলার সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বসবেন অভিষেক। ভোটের ব্লু প্রিন্ট ওই বৈঠক থেকেই নেওয়া হবে বলে মত ওয়াকিবহাল মহলের। এই তিনদিন বেলা ৩টে থেকে হবে ধারাবাহিক বৈঠক।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে সপ্তম দফায়। ১ জুন ভোট এখানে। তা মাথায় রেখেই প্রচার কর্মসূচি সাজানো হচ্ছে। ভোট ঘোষণার আগে থেকেই ডায়মন্ড হারবার চর্চার কেন্দ্রবিন্দুতে। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করেনি।
রাজ্য বিজেপিতে গুঞ্জন এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণায় কোনও চমক দিতে চাইছে গেরুয়া শিবির। অভিষেকের এই ধারাবাহিক বৈঠকে কি কোনও পাল্টা চমক অপেক্ষা করছে? তৃণমূল সূত্রের দাবি, ভোটের আগে এই বৈঠক হতে পারে চমকপ্রদ। এমনকী এই বৈঠকে বেশ কিছু যোগদানও হতে পারে বলে সূত্রের দাবি।