West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ! জুলাইয়ের শুরুতেই ঘুরে যাবে আবহাওয়ার খেলা
West Bengal Weather Update: উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি প্রচুর জলীয় বাষ্পের হাত ধরে শক্তি বৃদ্ধি করছে। জুলাই মাসের ২ বা ৩ তারিখে নিম্নচাপ হিসেবে দেখা দিতে পারে। তারপর ধীরে ধীরে পা বাড়াতে পারে স্থলভাগের দিকে।

কলকাতা: উত্তরে সতর্কতা, দক্ষিণে বৃষ্টির অপেক্ষা। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে সোমবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরের ৫ জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। চরম ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ারেও।
২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সতর্কবার্তা থাকছে কিছু কিছু জেলায়। ফলে পাহাড়ি রাস্তায় নতুন করে ধস নামতে পারে। উত্তরের নদীতে আচমকা হড়পা বানের আশঙ্কাও থাকছে। মঙ্গলবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে গিয়েছে। তবে আকাশ কমবেশি মেঘলা থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেলা বাড়লে ১০০ শতাংশেও পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ফিল লাইক টেম্পারেচার ৫০ ডিগ্রি হতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি না হলে অস্বস্তি সূচক ১১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে দক্ষিণের বাকি জেলার অনুপাতে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকতে চলেছে কলকাতায়।
অন্যদিকে উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি প্রচুর জলীয় বাষ্পের হাত ধরে শক্তি বৃদ্ধি করছে। জুলাই মাসের ২ বা ৩ তারিখে নিম্নচাপ হিসেবে দেখা দিতে পারে। তারপর ধীরে ধীরে পা বাড়াতে পারে স্থলভাগের দিকে। যার প্রভাব পড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে। প্রভাব পড়তে পারে বাংলাদেশে।
